বান্দরবানে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্মেলন অনুষ্ঠিত
বান্দরবানে ‘আঁধার চিরে ফুটুক শান্তির আলো’ স্লোগানে গতকাল শুক্রবার উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনাড়ম্বর হলেও সম্মেলন ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও বান্দরবানের আদিবাসী-বাঙালি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের মিলন ঘটেছে।সম্মেলন উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনে নবীণ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়। সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলার প্রবীণ সাংস্কৃতিক সংগঠক ক্যহ্লাউ মারমা।জেলা সংসদের সভাপতি মং উসাথোয়াই মারমার সভাপতিত্বে বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ ও সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম। আলোচনায় আরও অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক উছোমং মারমা, উদীচীর চট্টগ্রাম সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, বান্দরবান জেলা সংসদের সহসভাপতি চৌধুরী বাবুল বড়ুয়া।