বান্দরবানে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে গত শুক্রবার রাতে সাইগ্য মারমা (৪৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে একই রাতে হাতির হামলায় এক ব্যক্তি মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সাইগ্য মারমা রাজবিলা কিবুকপাড়া এলাকার একটি রাবারবাগানের নৈশপ্রহরী। তিনি পরিবারসহ রাবারবাগানের কারখানায় থাকতেন। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সাইগ্য মারমা ও তাঁর স্ত্রী রিনুমা মারমা রাতে মদ পান করে মারামারি করেন। মারামারির পর নেশাগ্রস্ত স্বামীকে বাসার বাইরে ফেলে রেখে স্ত্রী রিনুমা ঘুমিয়ে পড়েন। স্বামী ও স্ত্রী দুজনই মদ পান করে প্রায়ই মারামারি করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কিবুকপাড়ার কয়েকজন ব্যক্তি বলেন, সকালে গাছ থেকে রাবারের রস সংগ্রহকারীরা বাসার বাইরে সাইগ্যকে মৃত ও রিনুমাকে বাসার ভেতর ঘুমন্ত অবস্থায় দেখতে পান। এসআই মিজানুর রহমান জানান, রিনুমা মারমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মদ পান করে রাতে মারামারি করার কথা স্বীকার করেছেন।
এদিকে স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির আষাঢ়তলি পর্দানঝিড়িতে ফসলের মাঠে বুনো হাতি ঢুকে পড়ে। এ সময় হাতি তাড়াতে যান নূরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তি। তখন তিনি হাতির হামলায় মারা যান।