বান্দরবানে এক মারমার কোটি টাকার জমি দখলের অভিযোগ
বান্দরবানে একটি জালিয়াত চক্র এক আতোমং মারমা থেকে জমি কিনে আরেক আতোমং মারমার কোটি টাকার জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জনসংহতি সমিতির (জেএসএস) কতিপয় নেতা ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর মিলিত এ চক্র আতোমং মারমা ওরফে ক্যশৈপ্রুকে (যিনি দখল চক্রান্তের শিকার) মৃত ঘোষণা করে তাঁর জমি দখলের চেষ্টা করছেন। আতোমং ক্যশৈপ্রু বলেছেন, ‘জালিয়াত চক্রের মৃত ঘোষণায় মৃত্যু না হলেও তাঁদের ষড়যন্ত্রে প্রকৃতপক্ষে জীবিত অবস্থায় মরে আছি।’ জেলা পরিষদসংলগ্ন তালুকদারপাড়ার প্রবীণ মংচথোয়াই মারমাসহ এলাকার অনেকে জানান, তালুকদার পাড়ায় আতোমং ক্যশৈপ্রু ১৯৮৩ সালে ৩৫৮ হোল্ডিংয়ে চার একর জমি বন্দোবস্ত পেয়েছেন। কিন্তু তাঁকে মৃত দাবি করে শেখ আজম ক্যচিং পাড়ার আরেক মৃত আতোমংয়ের ছেলে চাইখ্যইউকে দিয়ে ওই জমি জাল দলিল করেছেন। এখন তাঁর জমি দখলের চেষ্টা করছেন। পৌর শ্রমিক লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পরিচয়ে শেখ আজম ওই জাল দলিলে আতোমং ক্যশৈপ্রুর বন্দোবস্ত জমি খাস করে তাঁর নামে বন্দোবস্ত করে নিয়েছেন। আতোমং ক্যশৈপ্রু বলেছেন, জাল দলিল ও জমি দখলের চেষ্টার বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। কিন্তু মামলা চলা অবস্থায় তাঁকে অবহিত না করে তৎকালীন ডিসি শেখ আলাউদ্দিন ২০০৫ সালের ১২ জুলাই ওই জমি শেখ আজমের নামে লিখে দিয়েছেন। মেঘলা পর্যটন ও জেলা পরিষদসংলগ্ন হওয়ায় তাঁর জমির মূল্য এখন কোটি টাকা। এ জন্য শেখ আজম দখল নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক দলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ছনুমং, সদস্য রশিদ আহমদ ও জেএসএসের রোয়াংছড়ি উপজেলা সভাপতি অংশৈমংকে সঙ্গে নিয়েছেন। তাঁদের ক্ষমতা ও অর্থের দাপটে তিনি এখন অসহায় হয়ে পড়েছেন। তবে অংশৈমং ও রশিদ আহমদ বলেছেন, তাঁরা কয়েকজন মিলে শেখ আজমের কাছ থেকে এক একর জমি কিনেছেন। এ জন্য মাঝেমধ্যে তাঁরা আজমকে জমি দেওয়ার জন্য চাপ দেন।দলিলপত্রে দেখা যায়, রেইছা থলি পাড়ার হ্লাথুইখয় মারমার ছেলে আতোমং ক্যশৈপ্রু ৩৫৮ নম্বর হোল্ডিং চার একর ও ক্যচিং পাড়ার পাইউখয় মারমার ছেলে আরেক আতোমং মারমার নামে ১১৮৩ হোল্ডিংয়ে আড়াই একর জমি বন্দোবস্ত হয়েছে। দুটি বন্দোবস্ত ৩১৩ নম্বর বান্দরবান সদর মৌজায় হলেও ৩৫৮ নম্বর হোল্ডিং তালুকদার পাড়ায়। আর ১১৮৩ হোল্ডিং ক্যচিংপাড়ায়।এলাকাবাসী জানায়, দুজনের নামের মিল থাকায় শেখ আজম ক্যচিং পাড়ার মৃত আতোমংয়ের ছেলে চাইখ্যইউকে ব্যবহার করে আতোমং ক্যশৈপ্রুর জমি দখলের সুযোগ নিচ্ছেন। এ ছাড়া চাইখ্যইউকের কাছ থেকে ১১৮৩ হোল্ডিংয়ের জমি ডিসি কার্যালয়ের ভূমি রাজস্ব শাখার কর্মচারী আবদুল কুদ্দসও কিনে নিয়ে দখল করেছেন।আবদুল কুদ্দুস চাইখ্যইউ মারমার কাছ থেকে জমি কেনার কথা স্বীকার করে বলেছেন, শেখ আজম চাইখ্যইউকে ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৩৫৮ নম্বর হোল্ডিংয়ের আতোমং ক্যশৈপ্রুর কোটি টাকার জমি দখলের তৎপরতা চালাচ্ছেন। তবে চাইখ্যইউ মারা যাওয়ায় তাঁর আরও বেশি সুযোগ হয়েছে বলে উল্লেখ করেন কুদ্দুস। ক্যচিংপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) মেমং মারমা ও প্রুসা অং মারমা বলেছেন, লেখাপড়া না জানা সহজ-সরল চাইখ্যইউকে ব্যবহার করে শেখ আজম ও আবদুল কুদ্দুস দুজনেই জমি কিনে নেওয়ার দলিল করেছেন।শেখ আজম প্রথম আলোকে বলেছেন, আতোমং মারা যাওয়ার পর তাঁর ছেলে চাইখ্যইউ থেকে না দাবিপত্র নিয়েছিলেন। চাইখ্যইউর বাবা আতোমংয়ের জমির হোল্ডিং ১১৮৩ হলেও তিনি ৩৫৮ হোল্ডিংয়ের আতোমংয়ের জমি দখল করার চেষ্টা করছেন কেন জানতে চাইলে শেখ আজম কোনো কিছু বলতে পারেননি। তৎকালীন ডিসি শেখ আলাউদ্দিন বলেছেন, ‘প্রশাসনিক কাজ করতে অনেক সময় সঠিক বিষয়টি বুঝে ওঠা কঠিন হয়ে দাঁড়ায়। আতোমং ক্যশৈপ্রুর বিষয়টি পরে জেনে বিভাগীয় কমিশনারকে ফোনে আমার আদেশ খারিজ করে দেওয়ার জন্য বলেছি। তিনি খারিজও করে দিয়েছেন।’