বান্দরবানে এক মায়ের মেয়েকে ফিরে পাওয়ার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার আদরের মেয়েটিকে যেকোনো কিছুর বিনিময়ে হোক ফিরিয়ে দাও। তাকে ফিরে না পেলে আমিও বাঁচব না৷’
গতকাল সোমবার বান্দরবান প্রেসক্লাবে এসে এক মা কান্না করতে করতে সাংবাদিকদের কাছে এভাবে তাঁর অষ্টম শ্রেণিপড়ুয়া কিশোরী মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
বান্দরবানের আলীকদম উপজেলা সদরের ছাবের মিয়া পাড়ার বাড়ি থেকে ৭ মে সকালে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। ১৯ দিন পর গতকাল পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। কিশোরীর মামি মোমেনা সুলতানা (৩৩) তাকে (ছাত্রীকে) চিকিৎসার জন্য ডেকে নিয়ে গেছেন বলে ওই মা অভিযোগ করেছেন।
পুলিশ বলেছে, মোমেনা সুলতানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আলীকদম থানার মামলায় বলা হয়েছে, স্বামীর মৃত্যুর পর মোমেনা সুলতানার বাড়িতে সন্দেহজনক লোকজনের আনাগোনা রয়েছে। টাকার বিনিময়ে ১৪ বছরের ছাত্রীকে অসৎ উদ্দেশ্যে দালাল চক্রের হাতে তিনি তুলে দিতে পারেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেছেন, প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত করা হচ্ছে।