বান্দরবানে একই পদে দুজন সিভিল সার্জন
বান্দরবানে এক মাস ধরে একই পদে দুজন সিভিল সার্জন (সিএস) কর্মরত রয়েছেন।
পদায়িত সিএসের যোগদানপত্র জেলা পরিষদ কর্তৃক গ্রহণের পর আবার ফেরত নেওয়া ও ভারপ্রাপ্ত সিএস দায়িত্ব হস্তান্তর না করায় এখন সিভিল সার্জন পদ নিয়ে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারাও বলেছেন বান্দরবানে সিভিল সার্জন পদায়ন নিয়ে মন্ত্রণালয়সহ তাঁরাও বিব্রতকর অবস্থায় রয়েছেন। এর আগেও দুজন সিভিল সার্জনকে যোগদান করতে দেওয়া হয়নি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বান্দরবানের সিএস হিসেবে স্নেহকান্তি চাকমাকে পদায়িত করে ভারপ্রাপ্ত সিএস মং তে ঝ-কে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করে তাৎক্ষণিক অবমুক্তিতে (স্ট্যান্ড রিলিজ) প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর জেলা পরিষদ স্নেহকান্তি চাকমার যোগদানপত্র গ্রহণ করেছে। কিন্তু ভারপ্রাপ্ত সিএস মং তে ঝ দায়িত্বভার হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। যোগদানের দুই সপ্তাহ পর জেলা পরিষদ আবার স্নেহকান্তি চাকমার যোগদানপত্র গ্রহণ করা সম্ভব নয় বলে স্বাস্থ্য সচিবকে চিঠি প্রদান করে।
স্নেহকান্তি চাকমা বলেছেন, পরিষদের চিঠির পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রণালয়ে বান্দরবানের পরিবর্তে অন্যত্র বদলির আবেদন করেছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে এখনো কোনো কিছু না বলায় বদলির আগের আদেশ বহাল রয়েছে। সেই অনুযায়ী ২৬ সেপ্টেম্বর যোগদানের পর থেকে তিনি বান্দরবানের সিভিল সার্জন। মন্ত্রণালয়ের আদেশে মং তে ঝ-কে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে যোগদান না করলে ৩০ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত গণ্য হবেন বলা হয়েছে।
তবে মং তে ঝ রাখাইন বলেছেন, জেলা পরিষদের অব্যাহতিপত্র ছাড়া তিনি কোথাও যেতে এবং কাউকে দায়িত্বভার হস্তান্তর করতে পারবেন না। মন্ত্রণালয় যে আদেশ দিক না কেন তার দেখার কোনো সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) রুহুল কুদ্দুস ফোরকান বলেছেন, অধিদপ্তর ও মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করতে চায়। কিন্তু সিভিল সার্জন বদলির মতো সামান্য বিষয় নিয়ে জেলা পরিষদ সমন্বয় করে নিতে না পারলে বিব্রতকর অবস্থা দেখা দেয়। দু-এক দিনের মধ্যে বিষয়টির সিদ্ধান্ত দেওয়া হবে বলে তিনি জানান।