বান্দরবানে প্রথম এনডিএফ-বিডি বান্দরবান পার্বত্য জেলা বিতর্ক কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। ‘যুক্তির ফুল ফুটল পাহাড়ে’ মূল সুরে বিতর্কে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীদের উৎসাহী করার জন্য দুই দিনের এ বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।বান্দরবান সেনানিবাস পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, জাতীয় বিতর্ক ফেডারেশনের (এনডিএফ-বিডি) চেয়ারম্যান এ কে এম শোয়েব। সভাপতিত্ব করেন সেনানিবাস পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ এস এম রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবীর প্রমুখ। সমাপনী দিনের শুরুতে শোভাযাত্রা করা হয়। পরে সংসদীয় বিতর্ক কর্মশালা, বিতর্কের মাল্টিমিডিয়া প্রদর্শনী ও শেষে বিতর্ক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিতর্ক প্রদর্শনীর বিষয় ছিল—বিশ্বায়ন তৃতীয় বিশ্বের জন্য হুমকিস্বরূপ। বিতর্কে স্পিকার হিসেবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনডিএফের কো-চেয়ারম্যান উত্তম রায়। এ কে এম শোয়েব বলেন, দুই দিনের বিতর্ক কর্মশালা সফল করতে সারা দেশের সেরা ৪০ জন বিতার্কিক বান্দরবানে এসেছেন। বিতর্ক কর্মশালার পাশাপাশি এনডিএফের বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি দল উপস্থিত ছাত্রছাত্রীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে।