বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে মারমা বৌদ্ধ সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎ​সবে গতকাল সন্ধ্যায় বোমাং রাজবিহারে মঙ্গল প্রদীপ জ্বালান পুণ্যার্থীরা l ছবি: প্রথম আলো
বান্দরবানে মারমা বৌদ্ধ সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎ​সবে গতকাল সন্ধ্যায় বোমাং রাজবিহারে মঙ্গল প্রদীপ জ্বালান পুণ্যার্থীরা l ছবি: প্রথম আলো

ফানুস উড়িয়ে ও মহামঙ্গল রথযাত্রা উদ্বোধনের মধ্য দিয়ে গতকাল রোববার থেকে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু হয়েছে। মারমা বৌদ্ধধর্মাবলম্বীদের ঐতিহ্য অনুযায়ী মঙ্গল প্রদীপ প্রজ্বালনসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হওয়া এ উৎসব কাল মঙ্গলবার শেষ হবে। মারমা বর্ষপঞ্জি ‘সাক্রয়’ অনুযায়ী এ উৎসব পালন করা হচ্ছে।
গতকাল সন্ধ্যা সাতটায় জেলা শহরের উজানীপাড়া রাজবাড়ি মাঠে মহামঙ্গল রথ ও ফানুস ওড়ানো কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও ওয়াগ্যোয়াই উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।
অনুষ্ঠানে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি মারমা, সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী উপস্থিত ছিলেন।
মারমা ভাষায় বৌদ্ধধর্মীয় সংগীতের সুরে মহামঙ্গল রথযাত্রা উদ্বোধনের সঙ্গে সঙ্গে শত শত ফানুস ওড়ানো হয়। এ সময় মুহুর্মুহু আতশবাজি ফোটানো হয়। পরে রথটি বোমাং রাজবিহারে নিয়ে যাওয়া হয়।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম জানিয়েছেন, আজ সোমবার ওয়াগ্যোয়াই উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে শহরের রাজার মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং মারমা বলেন, সমতলের বৌদ্ধরা গত শনিবার প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেছেন। সাক্রয় সাল অনুযায়ী রোববার থেকে মারমাদের ওয়াগ্যোয়াই পোয়ের (মারমা ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা, পোয়ে অর্থ উৎসব) মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।