পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় ককাসের সদস্যদের আগমন প্রতিহত করতে জামায়াত-সমর্থিত দুটি বাঙালি সংগঠন বান্দরবানে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সড়ক অববোধ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদ নামের দুটি সংগঠন ওই কর্মসূচি ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা ককাসের সদস্যদের উদ্দেশে কটূক্তি করলে উপস্থিত সাংবাদিকেরা প্রতিবাদ করেন। এ সময় প্রবীণ সাংবাদিক ছালেহ আহমদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ হয়।আদিবাসীদের অধিকারবিষয়ক আইন নিয়ে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে শুক্রবার একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় যোগ দিতে ককাসের আহ্বায়ক রাশেদ খান মেননসহ সাতজন সাংসদ আজ জেলায় আসছেন বলে ককাসের সচিব জান্নাতুল ফেরদৌস জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের আহ্বায়ক ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাঙালি নেতা (কোনো সংগঠনের পরিচয় দেওয়া হয়নি) আবদুর রহমান (জাপানি মানিক), সুয়ালক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলম।নেতারা বলেন, ককাসের সদস্যরা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিষ্টান রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছেন। তাঁদের তৎপরতা মেনে নেওয়া হবে না।এ বিষয়ে পুলিশ সুপার কামরুল আহসান বলেন, কোন সংগঠন কী কর্মসূচি দিয়েছে, সেটা তাঁদের বিষয় নয়। সাংসদদের নিরাপদে আসার ব্যাপারে যা করার তা-ই করা হবে।