বান্দরবানে কঠিন চীবর দান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের প্রাচীনতম উজানীপাড়া কিয়াং ও বোমাং রাজবিহারে গতকাল বুধবার থেকে বৌদ্ধধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে।ঐতিহ্যবাহী দুটি বৌদ্ধ বিহারে একই সময় উৎসব শুরু হওয়ায় জেলা শহর এখন দূরদূরান্ত থেকে আসা পাহাড় ও সমতলের হাজারো পুণ্যার্থীর মিলনমেলায় পরিণত হয়েছে। চার দিনব্যাপী উৎসবে হাজারবাতি জ্বালানো হবে, ওড়ানো হবে ফানুস। শত শত ভিক্ষুর শোভাযাত্রাসহ ভিক্ষান্ন গ্রহণ ও উৎসর্গের মধ্য দিয়ে আগামী শনিবার শেষ হবে উৎসব।গতকাল সকাল আটটায় উজানীপাড়া কিয়াংয়ে ও সকাল নয়টায় বোমাং রাজবিহারে ভগবান বুদ্ধের কাছে শরণাপন্নের বাণী উচ্চারণ করে উৎসবের শুরু হয়। রাজবিহারে (মারমা ভাষায় খিয়াংওয়া কিয়াং বলা হয়) শত শত আদিবাসী ও সমতলের বৌদ্ধ নারীরা একসঙ্গে চীবর (ভিক্ষুদের পরিধেয় কাপড়) বুননের কাজ শুরু করেন। তাঁরা কেউ জুম থেকে তুলে আনা তুলা পরিষ্কার করছিলেন, কেউবা কাঠের চরকি দিয়ে তুলা থেকে বীজ আলাদা করছিলেন। কেউ ধনুক দিয়ে তুলার আঁশ মসৃণ করছিলেন, কেউবা ব্যস্ত ছিলেন আদিবাসীদের ঐতিহ্যবাহী চরকায় সুতা তৈরিতে।রুমার ঠান্ডাঝিড়ি থেকে আসা মাচিংথুই ও মংয়োপাড়ার উঅং জাই মারমা জানান, হেঁটে, নৌকায় ও গাড়িতে করে তাঁদের বান্দরবান শহরে পৌঁছাতে দুই দিন লেগেছে। তাঁরা বলেন, কঠিন চীবর দান শ্রেষ্ঠ দান বলে পুণ্য লাভের আশায় উৎসবে এসেছেন।এভাবে থানচি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামার দুর্গম বিভিন্ন স্থান থেকে নারীরা পুণ্যলাভের জন্য চীবর তৈরি কাজে এসেছেন বলে জানান।উৎসব কমিটির সদস্যসচিব বাচিমং মারমা জানান, উৎসবে বোনা নতুন চীবর আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ভিক্ষুসংঘের কাছে দান করা হবে। সন্ধ্যায় জ্বালানো হবে হাজারবাতি, ওড়ানো হবে ফানুস।কাল শুক্রবার সকাল আটটায় মহাপিণ্ডদান। এতে দুই শতাধিক ভিক্ষু শোভাযাত্রা বের করে ভিক্ষান্ন আহরণ করবেন।বোমাং রাজবিহারের বিহারাধ্যক্ষ উপঞা জোত মহাথের বলেন, একটি বিশেষ সময়ে বিশেষ প্রক্রিয়ায় চীবর বুনন করে দান করা হয় বলে এটিকে ‘কঠিন চীবব দান’ বলা হয়। তিনি বলেন, ভগবান বুদ্ধ বলেছেন, কঠিন চীবর দানই বিশ্বের সর্বশ্রেষ্ঠ দান।