বান্দরবানে কাউন্সিলের চার মাস পর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বান্দরবানে জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হওয়ার চার মাস পর গত শুক্রবার পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো রদবদল না করে কমিটি সাজানো হলেও সংখ্যায় ক্ষুদ্র কয়েকটি জনগোষ্ঠী থেকে কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি বলে জেলা আওয়ামী লীগের কেউ কেউ স্বীকার করেছেন। আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে যতদূর সম্ভব নির্বাচনকেন্দ্রিক কমিটি করা হয়েছে। এ জন্য পুরোনো অনেককে বাদ দিয়ে এবং নতুনদের নিয়ে এসে সংযোজন-বিয়োজন করা হয়েছে। নয় বছর পর গত বছরের ১১ অক্টোবর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। নির্বাচন হবে নাকি বাছাইকরণ (সিলেকশন) এ নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দিলেও শেষ পর্যন্ত সভাপতি পদে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যাকে ও সাধারণ সম্পাদক পদে কাজী মজিবর রহমানকে বহাল রাখা হয়। কিন্তু তখন থেকে কার্যকরী কমিটিতে কে থাকবে না থাকবে এ নিয়ে জল্পনা-কল্পনা চলে আসছিল। ঘোষিত ৩৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু মারমাকে। আগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। জ্যেষ্ঠ সহসভাপতি পদে এসেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা মারমা। তবে সম্পাদকমণ্ডলীতে জেলা সদরের বাইরের কাউকে অর্থাৎ উপজেলা থেকে কাউকে নেওয়া হয়নি।