বান্দরবানে কৃষকের কাজে আসছে না রাবার বাঁধটি
বান্দরবানের রাজবিলায় ৩০০ হেক্টর জমিতে পানি সরবরাহের জন্য সাড়ে ছয় কোটি টাকায় নির্মিত রাবার বাঁধটি (রাবার ড্যাম) কৃষকদের কোনো কাজে আসছে না। ভুল জায়গায় নির্মিত বাঁধটি চালু করলে উপচে পড়া পানিতে নিচু জমির ফসলের ক্ষতি ও উঁচু জমিতে পানি পাওয়া যায় না বলে গতকাল শুক্রবার কৃষকেরা অভিযোগ করেছেন।
বাঁধ নির্মাণকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয় মারমা বলেন, সেচ, মৎস্য ও হাঁস চাষ এবং জলাশয়কে ঘিরে পর্যটন উন্নয়নসহ বহুমুখী উন্নয়নের জন্য নির্মিত বাঁধটি স্থানীয়দের অনাগ্রহে অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলার শিলকখালে নির্মিত বিশাল রাবারের বাঁধটি ভুতুড়ে অবস্থায় পড়ে রয়েছে। ২০১২ সালে নির্মাণ শেষ হওয়া বাঁধে অব্যবহারজনিত ত্রুটি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বলে এলজিইডির প্রকৌশলীরা জানিয়েছেন।
বাঁধ তত্ত্বাবধানের জন্য এলজিইডির গঠিত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মংসাখয় মারমা বলেন, শুরু থেকে বাঁধের স্থান নির্ধারণে স্থানীয়দের সঙ্গে এলজিইডির মতবিরোধ দেখা দিয়েছিল।
কৃষকদের মতে, খালের উজানে বাঁধ নির্মাণ করলে সেখান থেকে পানি ছেড়ে দিয়ে প্রাকৃতিক প্রবাহে সেচের কাজ হবে। কয়েক বছর আগে তাঁরা সেভাবে বাঁধ নির্মাণ করে পানি ছেড়ে দিয়ে চাষ করতেন। সম্প্রতি বাঁধটি পরীক্ষামূলকভাবে চালু করে খালের তীর উপচে পড়া পানিতে ব্যাপক ফসল ও মৎস্য খামার তলিয়ে যায়। আবার উঁচু জমিতে সেচযন্ত্র ছাড়া পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ জন্য কৃষকেরা এ বাঁধ ব্যবহারে আর আগ্রহী নয় বলে মংসাখয় জানিয়েছেন।
রাজবিলার কার্বারি (পাড়াপ্রধান) নিংসাথুই মারমা ও কৃষক শৈসাউ মারমা বলেন, রাবারের বেলুন বাষ্পায়িত করে রাবার বাঁধ চালু করার এক দিনের মধ্যে তাঁদের লক্ষাধিক টাকার ফসল ও মৎস্য চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মতামত উপেক্ষা করে ভাটিতে বাঁধ নির্মাণ করায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে তাঁরা জানান।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয় বলেন, স্থানীয়রা বাঁধ ব্যবহার না করলে জানিয়ে দেওয়া উচিত। তাঁরা অবহিত করলে বিষয়টি নিয়ে কী করতে হবে বিবেচনা করা যাবে। বাঁধ কীভাবে ব্যবহূত হবে, পাবসসের মাধ্যমে স্থানীয়দের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।