বান্দরবানে কেন্দ্র দখল পরিকল্পনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে কাল শনিবার অনুষ্ঠেয় দুটি উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৭টি ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার পরিকল্পনা করেছে বলে বিএনপি ও জনসংহতি সমিতি (জেএসএস) অভিযোগ করেছে।
গতকাল বৃহস্পতিবার দুই দলের পৃথক সংবাদ সমেঞ্চলনে আলীকদমে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার বিতর্কিত ভূমিকা নিয়েও বিএনপির নেতারা অভিযোগ করেছেন।
আলীকদম উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী জামাল উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্র দখলের কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণ নির্বাচন হলে তাঁরা বিপুল ভোটে বিজয়ী হবেন এবং ভরাডুবি নিশ্চিত জেনে বিএনপি নানা রকম অসংলগ্ন কথা বলছে। স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী এজেন্ট কাজী মহতুল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কহ্লাউ চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেছেন, গত চারটি উপজেলা নির্বাচনে একটিতেও জিততে না পেরে ক্ষমতাসীন আওয়ামী লীগ বান্দরবান সদর ও আলীকদম উপজেলা নির্বাচনে মরিয়া হয়ে উঠেছে। তারা আলীকদম উপজেলায় নয়টি ও বান্দরবান সদর উপজেলায় আটটি কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করার পরিকল্পনা করেছে। এ জন্য তারা অবাধে টাকা বিতরণ, কেন্দ্রগুলোতে বহিরাগত সন্ত্রাসী ভাড়া ও ভুয়া ব্যালট পেপার ছেপে আলীকদমে নিয়ে রেখেছে। জেএসএসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কে এস মং মারমা সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগ পরাজয় নিশ্চিত জেনে দিশেহারা হয়ে উগ্র সাম্প্রদায়িকতা ও জাতিগত বিদ্বেষ উসকে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।
আলীকদমের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোতাকাব্বির আহমেদ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার নির্বাচনসংক্রান্ত সভা ডাকা ও ভুয়া ব্যালট উদ্ধারের ব্যাপারে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত জামান বলেছেন, কেন্দ্র দখল বা অন্য কোনো অনিয়ম সহ্য করা হবে না।
আলীকদমে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার সভা ডাকার অভিযোগ স্বীকার করে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, এতে কোনো সমস্যা হবে না। ওই কর্মকর্তার আচরণবিধিবহির্ভূত সভার পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সবাইকে নিয়ে আবার নিয়মিত সভা করেছেন। আলীকদমে একটি ভুয়া ব্যালট পেপার উদ্ধার হওয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।