বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবারও শ্রেষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে এইচএসসি পরীক্ষায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (বিপিসিএসসি) ২৮ জন জিপিএ-৫ পেয়ে জেলায় শিরোপা অক্ষুণ্ন রেখেছে। তবে দুজন অকৃতকার্য হওয়ায় শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব ধরে রাখতে পারেনি প্রতিষ্ঠানটি।

বান্দরবান সরকারি মহিলা কলেজে দুজন জিপিএ-৫ পেয়ে কলেজটি কৃতিত্বের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে জিপিএ-৫ না পেলেও কৃতকার্যের দিক থেকে ৮১ দশমিক ১৭ শতাংশ কৃতকার্য হয়ে লামা মাতামুহুরি কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে।

বিপিসিএসসির শিক্ষক ইয়াকুব আলী জানিয়েছেন, এবার তাঁদের কলেজ বিভাগে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ব্যবসায় শিক্ষায় ১৫ জন ও বিজ্ঞানে ১৩ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর শতভাগ কৃতকার্য হলেও এবার ব্যবসায় শিক্ষায় দুজন অকৃতকার্য হওয়ায় পাসের হার ৯৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন বলেছেন, জেলায় এক হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৯ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে মাত্র ৩০ জন জিপিএ-৫ পেয়েছেন। সবচেয়ে বেশি ফল খারাপ করেছে বান্দরবান সরকারি কলেজ। এখান থেকে ৪৩৯ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন মাত্র ১৫৮ জন।