বান্দরবানে চট্টগ্রাম থেকে অপহৃত একজন উদ্ধার
বান্দরবান ও চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ অপহরণের ছয় দিন পর গতকাল বুধবার চট্টগ্রামের এক বালু উত্তোলনকারী ড্রেজিং যন্ত্রচালককে বান্দরবানের জেলা শহরতলি থেকে উদ্ধার করেছে। তাঁকে গত ৯ জুলাই চট্টগ্রাম বিপণিবিতাণ এলাকা থেকে কৌশলে গাড়িতে তুলে অপহরণ করে বান্দরবানের ক্যামলং পাহাড়ে আটকে রেখে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
অপহরণের মূল হোতা আক্কাস আলী নামে একজনকে গ্রেপ্তারের পর সব অপহরণকারীকে পাকড়াও করতে অভিযান চালানো হচ্ছে বলে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি পুলিশ জানিয়েছে।
পাঁচ দিন আগে (১১ জুলাই) নাইক্ষ্যংছড়ির বাইশারি জঙ্গল ঘেরা পাহাড় থেকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামির দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছিল। তাদের মুক্তির জন্য ১৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। সমতল এলাকা থেকে অপহরণ করে জঙ্গলবেষ্টিত পাহাড়ে আটকে রেখে একটি চক্র অপহরণ-বাণিজ্য করছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ বলেছে, চাকরি দেওয়ার আশ্বাসে আল আমিনকে (২০) তাঁর বন্ধু আক্কাস আলী কৌশলে গাড়িতে তুলে নিয়েছেন। বিপণিবিতান এলাকা থেকে কর্ণফুলী নতুন সেতু অতিক্রম করার পর আরও তিনজন গাড়িতে ওঠেন। তাঁরা নাকে কী একটা গুঁজে দেওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরে দেখেন একটি পাহাড়ের চূড়ায় এক পাহাড়ির বাড়িতে তাঁকে পাহারা দিয়ে রাখা হয়েছে। আল আমিনের বাড়ি বরিশালে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মহিবুল আলম বলেন, অপহরণকারীরা প্রথমে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও রফাদফা করে ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর পর আল আমিনকে ছেড়ে দিয়েছে।
উদ্ধারকারী বান্দরবান সদর থানার এসআই মমিনুল ইসলাম বলেন, আল আমিনকে জেলা শহরের বালাঘাটার কাছাকাছি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।