বান্দরবানে চার শতাধিক শিশুর শিক্ষাজীবন রক্ষার দাবিতে মানববন্ধন
বান্দরবানের পাঁচটি শিশুসদনের চার শতাধিক শিশু তাদের শিক্ষাজীবন রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে। অর্থ জোগানদাতা ফাদার পিয়েট্রো লুইজি লুপি ওরফে ফাদার লুপিকে ভিত্তিহীন অভিযোগ তুলে দেশত্যাগের মতো পরিস্থিতি সৃষ্টি করে শিশুসদনগুলো বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে সদনগুলোর পরিচালকেরা অভিযোগ করেছেন। স্থানীয় প্রেসক্লাব চত্বরে শিশুদের মানববন্ধন শেষে পাঁচটি প্রতিষ্ঠানের পরিচালক শিশুসদনগুলো রক্ষার দাবিতে ও ফাদার লুপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সমেঞ্চলন করেছেন। সংবাদ সমেঞ্চলনে সাফ গেমসে স্বর্ণপদক বিজয়ী নারী ক্রীড়াবিদ ও লামা মহামুণি শিশুসদনের পরিচালক জউপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য অংপ্রু ম্রো, থানচি উপজেলা চেয়ারম্যান ও আশার আলো শিশুসদনের পরিচালক খামলাই ম্রো, কক্সবাজারের রামু শিশুসদনের পরিচালক প্রসুন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আশার আলো শিশুসদনের পরিচালক ও থানচি উপজেলা চেয়ারম্যান সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। এতে তিনি বলেছেন ফাদার লুপি তাঁর নিজ দেশ ইতালিতে ভিক্ষা করার মতো দানশীল ব্যক্তিদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। ওই টাকা দিয়ে বান্দরবান ও কক্সবাজারে বর্তমানে পাঁচটি শিশুসদনে চার শতাধিক দরিদ্র এবং অনাথ ছেলেমেয়েদের পড়াশোনা করার সহযোগিতা করছেন। এ ছাড়া তিন শতাধিক ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। একটি বিশেষ সংস্থার প্রতিবেদন খামলাই ম্রো সাংবাদিকদের পড়ে শোনান। এতে বলা হয়েছে, ফাদার লুপি পাহাড়িদের খ্রিষ্টান করার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা বিতরণ করছেন। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে খামলাই ম্রো বলেন, ফাদার লুপি এ পর্যন্ত কোথায় কতজনকে ধর্মান্তরিত করেছেন ওই ষড়যন্ত্রকারীরা বলতে পারেনি। নারী ক্রীড়াবিদ জউপ্রু মারমা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ষড়যন্ত্রকারী কারা সবার জানা আছে। যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন প্রকাশ্যে তাদের মুখোশ খুলে দিতে বাধ্য হবেন। বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বলেছেন, ফাদার লুপি টাকা বিতরণ করছেন এটা ঠিক। কিন্তু ধর্মান্তরিত করার ব্যাপারে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ব্যাপারে তাঁর কাছে ঊর্ধ্বতন মহল থেকে প্রতিবেদন চাওয়ার বিষয়টিও তাঁর জানা নেই বলে তিনি জানান। হয়তো একধরনের আশঙ্কা থেকে মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলন করা হয়েছে বলে তিনি জানান।