বান্দরবানে চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
বান্দরবানে ভাড়াটে গাড়ির (রেন্ট-এ-কার) চালক-শ্রমিকেরা পর্যটকদের কাছ থেকে গলাকাটা ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক পর্যটক চিম্বুক, নীলগিরি ও সীতা পাহাড়সহ আকর্ষণীয় স্থানগুলোতে যেতে পারছেন না বলে পর্যটকেরা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন গলাকাটা ভাড়ার কথা স্বীকার করে বলেন, বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পর্যটকদের সহযোগিতা দরকার।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রত্যেকটি যানবাহনের জন্য পর্যটন আকর্ষণীয় স্থানগুলোর ভাড়া নির্ধারণ করা রয়েছে। কিন্তু পর্যটকেরা বলেছেন, অতিরিক্ত দুই-তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এ ছাড়া নীলগিরিতে গাড়ি পার্কিংয়ের ৩০০ টাকা, প্রবেশ ফি প্রতিজন ৫০, মেঘলায় ৩০ ও নীলাচলে ২০ টাকা এবং গাড়ির জন্য ১৫০-২০০ টাকাসহ বিভিন্ন স্পটে হরেক রকম ফির বেড়াজালে পর্যটকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
ঢাকা থেকে আসা হাসান ও জামিল বলেন, কোনো গাড়ির চালক-শ্রমিক নির্ধারিত ভাড়ার তালিকা দেখাতে চান না। নীলগিরিতে চাঁদের গাড়ির জন্য তাঁদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে। অথচ চাঁদের গাড়ির নির্ধারিত ভাড়া সাড়ে তিন হাজার টাকা। কারও কারও কাছ থেকে আট হাজার টাকাও নেওয়া হয়েছে। জেলা শহরের নীলাচল ও মেঘলায় নির্ধারিত ৪০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত।
নারায়ণগঞ্জের শাহ আলম মজুমদার ও শাহীন আক্তার বলেন, ভাড়া বেশি নিলেও চালকেরা তাড়াহুড়ো করে ফিরে আসার জন্য এত দ্রুত গাড়ি চালিয়ে থাকেন যা রীতিমতো ভয়ংকর। শুধু নীলগিরিতে নিয়ে আকর্ষণীয় অন্য স্থানগুলো দেখতেও দেওয়া হয় না। দেখতে চাইলে আরও বেশি ভাড়া দাবি করা হয়। চাঁদের গাড়ির চালক পিপলু ও আবদুর রশিদ দুই-তিনগুণ বেশি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করলেও আলাপ-আলোচনা করে কিছু বেশি নেওয়ার কথা স্বীকার করে বলেন, এ বছর কোনো ব্যবসা হয়নি। এ জন্য পর্যটকেরা রাজি হলে কয়েক শ টাকা নিয়ে থাকেন।
এনডিসি শামীম হোসেন বলেন, পর্যটকেরা সহযোগিতা না করলে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। মাঝেমধ্যে পর্যটন স্পটগুলোতে গিয়ে জিজ্ঞাসা করা হলেও বেশি ভাড়া দেওয়ার বিষয়টি কেউ বলতে চাননি।