বান্দরবানে চুরির দায়ে তিন কিশোর গ্রেপ্তার
বান্দরবানে পুলিশ চুরির দায়ে গতকাল রোববার তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে প্রায় ৬৯ হাজার টাকার চুরির মালামালও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেছেন, গ্রেপ্তার করা কিশোরদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হলেও থানায় তারা চোর হিসেবে তালিকাভুক্ত। তাদের কয়েকবার আটক করা হলেও বয়স বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছিল।ফায়ার সার্ভিস এলাকার ফরহাদ আজিম বলেছেন, গত শনিবার বাতে তাঁর বাসা থেকে একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, মুঠোফোনসহ প্রায় ৬৯ হাজার টাকার জিনিস চুরি হয়ে যায়। রাত ১১টার দিকে তাঁরা বারান্দায় টেলিভিশন দেখার সময় চোরেরা শয়নকক্ষের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। ওসি (তদন্ত) আমির হোসেন বলেছেন, ভেন্টিলেটরের ছোট ছিদ্র দিয়ে বয়স্ক কারও পক্ষে ঢোকা সম্ভব নয় নিশ্চিত হয়ে তারা তালিকাভুক্ত কিশোর চোর মোর্শেদ আলমকে কাশেমপাড়া থেকে আটক করে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে মোর্শেদ আলম স্বীকার করে, তারা ফরহাদ আজিমের বাসায় চুরি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কারাঘাটা থেকে ল্যাপটপ, ক্যামেরা, ইন্টারনেট মডেম, মুঠোফোনসহ কক্সবাজারের ইয়াকুব আলী ও কালাঘাটার মোহামঞ্চদ সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে চুরির কথা তারা সবাই স্বীকার করেছে। থানাহাজতে ইয়াকুব আলী বলেছে, দুই দিন আগে পুলিশ তাকে বাড়ি যাওয়ার জন্য তুলে দিয়েছিল। তার বাড়ি কক্সবাজারের বাদশাঘোনায়। কিন্তু তার বাবার মারধরের ভয়ে সে কসাইপাড়া এলাকায় গাড়ি থেকে নেমে আবার বান্দরবানে ফিরে আসে। কারণ, এক সপ্তাহ আগে সাগর ও মোর্শেদ তাকে নেওয়ার জন্য কক্সবাজারে গিয়েছিল। কিন্তু সে বান্দরবানে আসতে চাওয়ায় তাকে তার বাবা মারধর করেছিলেন। সে মাথায় ও হাতে জখমের চিহ্ন দেখিয়ে বলে, জেনেশুনে তার বাবা তাকে জোর করে বান্দরবানে পাঠিয়ে দিয়েছেন। কাশেমপাড়ার মোর্শেদ আলম (১৩) বলে, ইয়াকুব আলীরা আগে বান্দরবানের লাঙ্গিপাড়ায় থাকত। এ জন্য আগে থেকে তাদের পরিচয় ছিল এবং সে সাহসী ও কাজে দক্ষ বলে তাকে কক্সবাজার থেকে নিয়ে আসতে গিয়েছিল।