বান্দরবানে ছাত্রছাত্রীদের সচেতন করতে পুলিশের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সড়কে যানবাহন ও মানুষ চলাচল করাকে ট্রাফিক আর চলাচল নিয়ন্ত্রণের নিয়মকানুনকে ট্রাফিক আইন বলা হয়’—ট্রাফিক কাকে বলে জানতে চাইলে অষ্টম শ্রেণীর ছাত্র উথোয়াই মারমা সাবলীলভাবে বলে। গতকাল শুক্রবার বান্দরবান সরকারি শিশু পরিবারে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণে সে এভাবে জবাব দেয় । বান্দরবান জেলা পুলিশ ট্রাফিক-ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে। আনন্দময় পরিবেশে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ বনানীবেষ্টিত পাহাড়ের মনোরম পরিবেশে গড়ে ওঠা সরকারি শিশু পরিবারে সকাল নয়টা থেকে ছাত্রছাত্রীরা আসতে থাকে। শিশু পরিবারের শিশুরাসহ শতাধিক শিশু-কিশোরেরাও অংশগ্রহণ করে। শিশু পরিবারের প্রাঙ্গণে পরিচ্ছন্ন অভিযান দিয়ে শুরু হয় প্রশিক্ষণ। সেখানে কাজ করার সময় ময়লা-আবর্জনা কীভাবে তুলে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হয়, কোন ময়লা-আবর্জনায় কী কী জীবাণু থাকার সম্ভাবনা এবং সেসব জীবাণুতে আক্রান্ত হলে কী ধরনের রোগব্যাধি হতে পারে, তা শিশু-কিশোরদের জানিয়ে দেওয়া হয়। ট্রাফিক আইন ও ট্রাফিক পুলিশ নিয়েও সচিত্র ও সক্রিয় অংশগ্রহণমূলক আলোচনা করা হয়। শিশু পরিবারের চতুর্থ শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেন বলেছে, রাস্তায় কোনদিকে চলাচল ও কীভাবে পারাপার হতে হবে, তা শিখতে পেরেছে। আগে তাদের এভাবে কেউ বলেনি। পরিবারের পরিচালক শফিকুল ইসলাম বলেছেন, ছাত্রছাত্রীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনেক কিছু শিক্ষা নিতে পেরেছে। যা তাদের দৈনন্দিন জীবনে চলাচলের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়।বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বলেছেন, পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) আওতায় ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছেন। এ কার্যক্রম বিদ্যালয়-মহাবিদ্যালয়ে আয়োজন করা হবে।