বান্দরবানের লামায় গতকাল শনিবার সকালে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ও রুমায় নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।লামা থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ফাঁসিয়াখালি হায়দারনাশি কুতুবদিয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই ভাইয়ের পরিবারে ঝগড়া বাধে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফাঁসিয়াখালি ইউপির সদস্য শফি আলম বলেন, ময়দা চুরি নিয়ে বড় ভাই আবুল কালামের স্ত্রী ও ছোট ভাই আবুল হোসেনের স্ত্রীর মধ্যে প্রথমে বাগিবতণ্ডা ও মারামারি হয়। এ সময় বড় ভাই আবুল কালাম ঝগড়া মীমাংসা করার জন্য সেখানে গেলে ছোট ভাই আবুল হোসেন অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। শফি আলম আরও বলেন, আবুল হোসেন জ্বালানি কাঠ দিয়ে বড় ভাই আবুল কালামের মাথায় আঘাত করেন। আবুল কালাম মাটিতে পড়ে গেলে তাঁর গলা টিপে ধরেন। পরে মুমূর্ষু অবস্থায় লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান বলেছেন, ছোট ভাই আবুল হোসেন, তাঁর ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা সবাই পলাতক রয়েছেন।রুমা থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, থানা ভবনের ১১ মাস আগে অর্ধনির্মিত অবস্থায় ফেলে রাখা পানির ট্যাংকে গতকাল সকালে কাজ করতে গেলে কামাল হোসেন (২৫) ও হেমায়েত মিয়া (২২) নামের দুজনের মৃত্যু হয়। পরে বান্দরবান থেকে দমকল বাহিনীর লোকজন গিয়ে তাঁদের লাশ উদ্ধার করেন। রুমা থানার উপপরিদর্শক বজলুর রহমান বলেছেন, মৃত দুজনের বাড়ি পটুয়াখালীর দশমিনা থানার দক্ষিণ আদমপুর গ্রামে।দমকল বাহিনীর সহকারী পরিচালক আবদুস সাত্তার বলেন, খনন করার পর পানির ট্যাংকের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। এ জন্য সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস জমেছিল। ওই গ্যাস অপসারণ না করে কাজ করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হলে শ্বাসরুদ্ধ হয়ে এক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটে বলে তিনি জানান।