বান্দরবানে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ তুলে আদিবাসী ও বাঙালিরা গত মঙ্গলবার বান্দরবান শহরে মানববন্ধন করেছে। এ ব্যাপারে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে।বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে লামার সরই ইউনিয়নের শতাধিক আদিবাসী ও বাঙালি মানববন্ধনে অংশ নেন। স্থানীয় সূত্র জানায়, কোয়ান্টাম ফাউন্ডেশন শিশুদের শিক্ষা কর্মসূচি ও ধ্যান (মেডিটেশন) কার্যক্রম নিয়ে সরই ইউনিয়নের কেজুপাড়া এলাকায় কাজ শুরু করে। তারা ২০০২ সালে ১৫ একর জমির ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণ করলেও গত দুই বছর ধরে ভয় দেখিয়ে স্থানীয় লোকজনের কয়েক শ একর জমি দখল করে নিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। মানববন্ধনে অংশ নেওয়া সরই ইউনিয়ন পরিষদের (ইউপির) সদস্য আবদুল হালিম অভিযোগ করেন, তাঁর ইজারা নেওয়া পাঁচ একর জমি কোয়ান্টাম ফাউন্ডেশন লোকজন দিয়ে দখল করে নিয়েছে।কোয়ান্টাম ফাউন্ডেশনের আইন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল ভূমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র অবৈধ সুবিধা আদায় করতে না পেরে কোয়ান্টামের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ওই চক্রকে রাবারবাগানের কিছু ইজারাদার ইন্ধন দিচ্ছেন। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত তারিক বলেন, কোয়ান্টামের বিরুদ্ধে জমি দখলের ব্যাপারে তাঁর কাছে অভিযোগ এসেছে। বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।