বান্দরবানে আলীকদমের দুর্গম পোয়ামুহুরি ও ইন্দু-সিন্ধু এলাকায় জলবসন্তে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার সেনাবাহিনীর এক প্রেসনোটে এ কথা জানানো হয়। তবে স্থানীয় সূত্র জানায়, মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি।গতকাল একটি সামরিক চিকিৎসা দলসহ তিনটি চিকিৎসা দল ওই এলাকায় পাঠানো হয়েছে।সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের সদর দপ্তর থেকে পাঠানো প্রেসনোটে জানানো হয়, বান্দরবান রিজিয়নের আওতায় আলীকদম জোনের পোয়ামুহুরি সেনাছাউনি (ক্যাম্পে) এলাকার ১১টি আদিবাসী পাড়ায় ১৮ এপ্রিল থেকে জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দেয়। পাড়াগুলো হচ্ছে মারাং ম্রো, হামুজা, তরণি, বড়বেতি, পাহাড়ভাঙ্গা, বড় আগালা নিদ্রা, সাযনাতলি, রেঞ্জক, দরিতংরা, আনদানি ও হাতি বাজার ত্রিপুরাপাড়া।প্রেসনোটে বলা হয়, দুর্গম এলাকা হওয়ায় এবং সচেতনতার অভাবে লোকজন পোয়ামুহুরি সেনাছাউনিতে (জলবসন্তে আক্রান্ত হওয়ার) সংবাদ দেয়নি এবং চিকিৎসা নিতে আসেনি। আক্রান্ত কয়েকজন ২৪ এপ্রিল পোয়ামুহুরি ছাউনিতে আসে। তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। গত সোমবার (২৫ এপ্রিল) পর্যন্ত ১১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। মঙ্গলবার আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স এক থেকে ১৮ বছর। আক্রান্ত মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম এবং একটি চিকিৎসা দল সামরিক হেলিকপ্টারে করে গতকাল ওই এলাকায় পাঠানো হয়েছে। হেলিকপ্টারে সামরিক বাহিনীর চিকিৎসকদের সঙ্গে বেসামরিক চিকিৎসকও রয়েছেন।আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ইমরান হোসেন বলেন, হেলিকপ্টারে পাঠানো চিকিৎসা দল ছাউনিতে ফিরলে সর্বশেষ অবস্থা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন প্রথম আলোকে জানান, এলাকায় খোঁজ নিয়ে তিনি জেনেছেন, জলবসন্ত, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। কেউ কেউ মৃতের সংখ্যা ২৩ জন বলেও দাবি করেন।আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুটি বেসামরিক চিকিৎসা দলের একটি গতকাল রাতে পোয়ামুহুরি বাজারে পৌঁছার কথা। এখান থেকে তারা আজ বৃহস্পতিবার সকালে ওই পাড়াগুলোতে গিয়ে সেনাবাহিনীর চিকিৎসা দলের সঙ্গে মিলিত হয়ে কাজ করবে।বান্দরবানের সিভিল সার্জন সাখাওয়াত হোসেন জানান, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে। আক্রান্ত এলাকায় গুরুতর কোনো রোগী পাওয়া গেলে হেলিকপ্টারে করে নিয়ে আসা হবে বলে সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে।