বান্দরবানে জাগো পার্বত্যবাসীর ডাকা হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বান্দরবান সফরের প্রতিবাদে জাগো পার্বত্যবাসীর ব্যানারে ডাকা তিন দিনের হরতাল গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষা ও বান্দরবান বাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিলের কারণে হরতাল শুরু হওয়ার এক দিন পরই তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার এই মাহফিল শুরু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ ও প্রশাসনের চাপের মুখে হরতাল শুরু হওয়ার এক দিন পরই জাগো কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সংগঠনটি। তাঁরা জানান, জাগো পার্বত্যবাসীর নেতাদের দুপুর ১২টার মধ্যে কর্মসূচি প্রত্যাহারের সময় বেঁধে দেওয়া হয়। বুধবার হরতালের প্রথম দিনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রতিশ্রুতি দিয়েও তাঁরা সংঘর্ষে জড়িয়েছেন। এ জন্য কর্মসূচি তুলে না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দেওয়া হয় নেতাদের।
জাগো পার্বত্যবাসীর নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, মানুষের ভোগান্তি, মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার জন্য তিন দিনের হরতাল দেড় দিন করা হয়েছে।
দ্বিতীয় দিনের হরতালে গতকাল সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে জাগো পার্বত্যবাসীর কিছু নেতা-কর্মী সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কাউকে সমাবেশে দেখা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন সহসভাপতি জানান, দলের সবাইকে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে এ রকম হঠকারী কর্মসূচিতে না যাওয়ার জন্য।
পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার বান্দরবান সফরের প্রতিবাদে জাগো পার্বত্যবাসীর ব্যানারে বিএনপি-আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী তিন দিনের হরতালের ডাক দেন। বুধবার শহরে তাঁর আগমনকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আজ বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সন্তু লারমার।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো সংগঠনের কর্মসূচি নেই।