বান্দরবানে জুমের আগুনে পুড়ে চারজনের মৃত্যু
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় গত রোববার জুমের আগুনে পুড়ে চারজন মারা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আলেক্ষ্যং ইউনিয়নের সাধু হেডম্যানপাড়ার বাসিন্দারা গত রোববার বিকেলের দিকে একসঙ্গে জুমে আগুন দেয়। পাড়ার কার্বারির (পাড়াপ্রধান) ছেলে বালকি মনি ত্রিপুরাসহ (৩০) পাড়ার বিষাই চন্দ্র ত্রিপুরা ওরফে সীমং (৩২), রবিচন্দ্র ত্রিপুরা (২৮) ও চন্দ্রমনি ত্রিপুরা (২৩) পাড়াবাসীর জুমবামের (জুমচাষের জন্য পাড়ার নির্দিষ্ট এলাকাকে জুমবাম বলে) মাঝে নিজেদের জুমে আগুন দিতে যান।এলাকাবাসী বলেন, আগুন দিতে যাওয়ার সময় পাড়াবাসী তাঁদের জুমে আগুন দিয়ে দ্রুত ওই স্থান ছেড়ে আসতে বলেন। কিন্তু তাঁরা আগুন দেওয়ার পর পাশের কলাবনে আশ্রয় নেন।সূত্রমতে, ওই চার ব্যক্তির জুমের পাশে কলাবন থাকায় তাঁদের হয়তো এ ধারণা হয়েছিল যে চারদিক থেকে জুমে আগুন দিলেও তাঁরা বাগানে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করতে পারবেন।আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, ওই এলাকা অত্যন্ত দুর্গম। পাড়াবাসী তাঁকে জানিয়েছেন, ওই চারজন আগুনের ঘেরাওয়ের মধ্যে পড়ে যান। কলাবনসহ এলাকার গোটা বনাঞ্চল পুড়ে গেলে তাঁরা ঘটনাস্থলে মারা যান। তিনি বলেন, ত্রিপুরা আদিবাসীরা লাশ উদ্ধার করে গতকাল সোমবার সমাধিস্থ করেছে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সেখানে যান।প্রসঙ্গত, জুমচাষি আদিবাসীরা প্রতিবছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈশাখের প্রথম সপ্তাহ পর্যন্ত জুমচাষের জমি আগুনে পুড়িয়ে থাকে। মাঘ মাস থেকে ফাল্গুনের মাঝামাঝি সময় পর্যন্ত জুমভূমির জঙ্গল কেটে শুকানো হয়।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন দাশ বলেন, এলাকার লোকজন তাঁকে বিষয়টি জানিয়েছে। লাশ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।