বান্দরবানে জুমের ধান ভরিয়েছে চাষির প্রাণ
বান্দরবানে অরণ্যঘেরা চিম্বুক পাহাড়ের গায়ে জুমের পাকা ধানের খেতগুলো সোনালি রঙের আলপনার মতো মনে হয়। জুমের ঘরে আদিবাসী তরুণ-তরুণীরা মেতেছে নাচে-গানে। পাকা ধানের ম-ম গন্ধে ভরে উঠেছে জুমচাষিদের জনপদগুলো। সেখানে এখন আনন্দের বন্যা। গত ৬ সেপ্টেম্বর চিম্বুক পাহাড়ে গিয়ে এ রকম দৃশ্যই দেখা গেছে। চিম্বুকের নোয়াপাড়া এলাকায় পিঠে ঝুড়ি ঝুলিয়ে ধান কাটছিলেন পাঁচ ম্রো তরুণ-তরুণী। লংরিং ম্রো অনাবিল হাসি ছড়িয়ে বললেন, রামলা ও বনলায় (ম্রো ভাষায় ভাদ্র-আশ্বিন মাসের নাম) জুমের ধান পাকলে জুমিয়াদের আর কোনো অভাব থাকে না। এ জন্য এ দুই মাসকে সুখের মাস বলা হয়। প্রায় দুই হাজার ফুট উঁচু চিম্বুক পাহাড়ের যেদিকে চোখ যায়, দেখা মেলে শুধু সবুজ বনের মাঝে পাকা ধানখেত। পাহাড়ের চূড়া থেকে প্রায় ৫০০ ফুট নিচে নেমে রামরি পাড়া এলাকার একটি জুমের ঘরে গিয়ে দেখা যায় ম্রো তরুণ-তরুণীরা মহানন্দে ধান মাড়াই করছেন। জামিনি পাড়া এলাকায় জুমে কথা হয় মেনফা ম্রোর সঙ্গে। তিনি বলেন, ‘আমার দুই একর জুম থেকে দুই-আড়াই শ আঢ়ি (এক আঢ়িতে ১০ কেজি) ধান পাব বলে আশা করছি। এ ছাড়া মরিচ, তুলা, তিলসহ অন্য ফসলও রয়েছে। সাবেক ইউপি সদস্য চিংক্লাং ম্রো জানান, এবার জুম চাষ করে অনেকেরই সারা বছরের খোরাক হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি, আলীকদম উপজেলায়ও জুমচাষে এবার মোটামুটি ভালো ফলন হয়েছে। বিগত কয়েক বছর ইঁদুর আর বন্যায় জুমের ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হলেও এবার সে রকম না হওয়ায় জুমচাষিরা বেজায় খুশি। কৃষি বিভাগ সূত্র জানায়, জেলার সাতটি উপজেলায় এবার ছয় হাজার ২২১ হেক্টর পাহাড়ি জমিতে জুমচাষ হচ্ছে। তবে বোমাং রাজা (সার্কেল চিফ) দপ্তরের জুম খাজনা হিসাব অনুযায়ী জেলায় প্রতিবছর সাড়ে ১১ হাজার পরিবার প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে জুমচাষ করে থাকে।বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, এবার মাঠ পর্যায়ে পরিদর্শন করার সময় আমি যেখানে গিয়েছি, সেখানে জুমচাষ ভালো হওয়ায় জুমচাষিদের মুখে হাসি দেখেছি। আর ফসলে ইঁদুর ও কীটপতঙ্গের আক্রমণ না থাকায় চাষিরা বেশি খুশি। রাঙামাটি থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাঙামাটির পাহাড়ের জুমখেতে খরাসহিষ্ণু নারিকা-১ জাতের ধান চাষে সাফল্য পাওয়ার দাবি করেছেন কৃষি কর্মকর্তা ও চাষিরা। তাঁদের মতে অন্যান্য জুমে অন্য ধানের চেয়ে নারিকা-১ জাতের ধানের উৎপাদন কিছুটা বেশি। চলতি জুমচাষ মৌসুমে পরীক্ষামূলকভাবে এ ধান চাষের ফলাফল থেকে এ দাবি করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি কার্যালয় সূত্র জানায়, জুমের প্রতি ১২০ বর্গমিটারে অন্যান্য ধান পাওয়া যায় ৩০ থেকে ৩৫ কেজি। আর নারিকা-১ জাতের ধান পাওয়া গেছে ৪৫ থেকে ৫০ কেজি। এবার ১০০ থেকে ১২০ বর্গমিটার করে সাতটি ব্লকে নারিকা-১ জাতের ধান পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে।রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা পবন কুমার চাকমা জানান, বেশ কিছু জুম খেতে নারিকা-১ জাতের ধান পরীক্ষামূলক চাষে সফলতা পাওয়া গেছে ।