বান্দরবানে জেএসএস নেতাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে একটি মামলায় হাজিরা দিতে এসে জামিনে থাকা জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে ও বালাঘাটা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের দুজনকে এক বছর আগে আওয়ামী লীগের এক নেতার অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেএসএসের জেলা সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত প্রাঙ্গণ থেকে জেএসএস নেতাকে গ্রেপ্তারে তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজ বন্ধের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্য বা মং মারমা অভিযোগ করেন, জেএসএসের রোয়াংছড়ি সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রঙ্গলাল তঞ্চঙ্গ্যা সোমবার দুপুরে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা দেওয়ার আগেই সাদাপোশাকধারী কয়েকজন আদালতের বারান্দা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। ক্য বা মং বলেন সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী আইন ও মানবাধিকারকে তোয়াক্কা না করে জনসংহতি সমিতির সদস্যসহ নিরীহ মানুষকে গ্রেপ্তার করছে। এতে একদিকে যেমন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অপর দিকে বান্দরবানের সামগ্রিক পরিস্থিতিকেও চরম অবনতির দিকে নিয়ে যাচ্ছে। তিনি রঙ্গলাল তঞ্চঙ্গ্যার অবিলম্বে মুক্তির দাবি জানান।
বালাঘাটা এলাকা থেকে রিপন তঞ্চঙ্গ্যা নামে আরেকজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, রঙ্গলাল তঞ্চঙ্গ্যা ও রিপন তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে ঠিকাদারি কাজে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ জন্য রঙ্গলালকে জেলা শহর থেকে ও রিপন তঞ্চঙ্গ্যাকে জেলা শহরতলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেছেন, রঙ্গলাল ও রিপন তঞ্চঙ্গ্যাকে সোমবার তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছরের ১৩ জুন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে অপহরণ মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।