বান্দরবানে জেলা ও পৌর ছাত্রলীগের দ্বন্দ্ব তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পৌর ছাত্রলীগ গত শুক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিল করে। অন্যদিকে একই সময়ে ওই পৌর কমিটির বিলুপ্তির জন্য সভা করে জেলা ছাত্রলীগ। এভাবে পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে চলছে জেলা ও পৌর ছাত্রলীগ।গতকাল শনিবার পৌর ছাত্রলীগ এক বিবৃতিতে জেলা কমিটির ঘোষণা অবৈধ আখ্যায়িত করে বলেছে, পৌর কমিটি আগের মতোই বহাল রয়েছে এবং কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করবে। বিবৃতিতে তারা আরও বলে, জেলা কমিটির গঠিত আহ্বায়ক কমিটি অবৈধ। এ জন্য তারা এ কমিটিকে মেনে নেবে না। জানা গেছে, পৌর ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এক সপ্তাহ আগে বান্দরবান ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হলেও ওই কমিটির সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়কে আমন্ত্রণপত্র দেওয়া হয়নি। এই নিয়ে জেলা কমিটির নেতা-কর্মীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং হঠাৎ করে গত বৃহস্পতিবার জেলা কমিটির সভা আহ্বান করা হয়। পৌর ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা বলেন, কোনো রকম কারণ দর্শানোর নোটিশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা বৈধ হতে পারে না। বিষয়টি সাংসদ বীর বাহাদুর ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। সেলিম বলেন বিলুপ্তির কারণ হিসেবে কমিটির মেয়াদ শেষ ও কার্যক্রম না থাকার কথা বলা হয়েছে। কিন্তু মূলত সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়কে ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র না দেওয়া এবং ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পৌর শাখা একটি দলের নেতৃত্ব দেওয়ায় এ রকম অযাচিত সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুজন চৌধুরী বলেন, সেলিমের অভিযোগ সত্য নয়। সাত বছর আগে পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়। কাউন্সিল করে নতুন কমিটি করার জন্য সেলিম রেজাদের বারবার তাগিদ দেওয়া হয়েছে।জেলা ছাত্রলীগের ওই দুই নেতা বলেন, পৌর কমিটি ছাত্রলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হওয়া সত্ত্বেও নেতা-কর্মীরা ঠিকাদারি কাজসহ বিভিন্ন কাজে সার্বক্ষণিক জড়িয়ে থাকায় তাঁরা সাংগঠনিক কাজ করতে পারছেন না। আবার পদ আঁকড়ে থাকার জন্য কাউন্সিলও করছেন না। এ জন্য জেলা কমিটির অধিকাংশ সদস্যের সম্মতিতে পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা-লক্ষ্মীপদ গ্রুপ ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিব গ্রুপ দুই ভাগে বিভক্ত। ছাত্রলীগও এই দুই পক্ষকে কেন্দ্র করে বিভক্ত। জেলা ছাত্রলীগের কাউন্সিলে প্রসন্ন-লক্ষ্মীপদ সমর্থিতরা বিজয়ী হন।