বান্দরবানে ঝড়ে গাছ পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলায় গতকাল সোমবার ঝড়ে মাথার ওপর গাছের ডাল পড়ে সুয়ালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রথম শিফটের (পালা) ছুটির পর কালবৈশাখী শুরু হয়। এ সময় ছোট শিশুরা দৌড়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। প্রবল বাতাসে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ভূমিকা তঞ্চঙ্গ্যার (৬) ওপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূমিকা তঞ্চঙ্গ্যার বাড়ি বিদ্যালয়ের পাশে বঙ্গপাড়ায়। তার বাবার নাম সজল কান্তি তঞ্চঙ্গ্যা। হাসপাতাল থেকে বিদ্যালয়ে তার মৃত্যু সংবাদ আসার পর ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বঙ্গপাড়াবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সুয়ালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা বড়ুয়া জানান, ঝড় শুরু হওয়ায় ছুটির ঘণ্টা দেওয়া হয়নি। কিন্তু শিশুরা পাঠদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার জন্য মাঠে বেরিয়ে যায়। তখন একটি গাছের ডাল ভেঙে পড়ে।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ জানান, সবার অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।