বান্দরবানে ডাকাত চক্রের সাত সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের দুর্ধর্ষ ডাকাত ও চোর চক্রকে শনাক্ত করে গত তিন দিনে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মহিলা ও একজন স্বর্ণকারও রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার আদালতে রিমান্ড চাওয়া হবে বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। স্থানীয় লোকজন জানিয়েছে, একের পর এক ডাকাতি ও চুরির ঘটনায় কয়েক মাস ধরে জনবহুল এলাকায় ডাকাতেরা অভিনব কৌশলে সচ্ছল পরিবারগুলোর টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।গত ২৫ জুলাই জনাকীর্ণ মারমা বাজার এলাকায় প্রকাশ্যে দুটি বাসায় চুরি করে দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৩০ ভরি স্বর্ণ নিয়ে গেলে পুলিশের টনক নড়ে। ঘটনার শিকার মারমা বাজার এলাকার মংবুশৈ মারমা ও ভুট্টু বড়ুয়া বলেন, হাটের দিনে মারমা বাজারে অসংখ্য মানুষের ভিড় ছিল। কিন্তু চোরেরা দুটি বাসার জানালার গ্রিল কেটে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেলেও কেউ আঁচ করতে পারেনি। মংবুশৈ বলেন, তাঁর ৩০ ভরি ও ভুট্টু বড়ুয়ার ১০ ভরি সোনা এবং দুই লাখ টাকা নিয়ে গেছে। ঘটনার সময় তাঁরা কেউ বাসায় ছিলেন না। এর আগে রোয়াংছড়ি স্টেশন, কালাঘাটা, বালাঘাটা, লেমুছড়ি এলাকায় ডাকাতি করার সময়ও কেউ জানতে পারেনি। তারা বাসার লোকজনকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রাখে।বান্দরবান সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বহিরাগত ও স্থানীয় ২০-২২ জনের ডাকাত দলকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত একজন মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাশেম, আশ্রাফুল ইসলাম রাশেদ, মমি মারমা, তারেকুল ইসলাম তারেক, কফিল উদ্দিন, রেজিয়া বেগম ও স্বর্ণকার দয়াল হরি ধর। তবে তাঁদের সর্দার দেলোয়ার হোসেন দেলোয়ারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওসি আমির বলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন চুরি ও ডাকাতির মালামাল রেজিয়া বেগমসহ কয়েকজন মহিলার মাধ্যমে তাঁরা বিক্রি করেন। দয়াল হরি ধরের লাকি জুয়েলার্সে ১৫ ভরি সোনা বিক্রি করার কথা রেজিয়া বেগম স্বীকার করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দয়াল হরির ছেলে অলক ধর বলেন, কোনো এক মহিলার এক লাখ টাকায় ১৫ ভরি সোনা বিক্রির ভিত্তিহীন স্বীকারোক্তিতে পুলিশ তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে। তাঁরা ওই মহিলাকে চেনেন না বলে তিনি দাবি করেন।