বান্দরবানে তামাক চাষ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলায় তামাক চাষ ও চাষের সব প্রক্রিয়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বান্দরবানের যুগ্ম জেলা ও দায়রা জজ সামস্ উদ্দিন খালেদ গতকাল বুধবার এ নির্দেশ দেন।একই সঙ্গে আদালত কেন তামাক চাষ বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা এবং তামাক চাষের সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হবে না, সে ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে তামাক কোম্পানি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।আদালত সূত্রে জানা যায়, গত সোমবার জাফর ইকবাল নামের এক ব্যক্তি ও একটি দৈনিকের স্থানীয় সংবাদদাতা আলাউদ্দিন শাহরিয়ার তামাক চাষ বন্ধের দাবি জানিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আরজিতে তাঁরা বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির স্বাস্থ্য ও জীবনহানিকর কোনো কিছু করা যায় না। কিন্তু তামাক কোম্পানিগুলো তামাক চাষ করে বান্দরবানের মানুষের স্বাস্থ্যহানি ঘটাচ্ছে এবং ব্যাপকভাবে পরিবেশ ধ্বংস করছে। আরজিতে আরও বলা হয়, এবারেও কোম্পানিগুলো ব্যাপক হারে তামাক চাষের উদ্যোগের অংশ হিসেবে গত ১৫ জুলাই থেকে তামাক চাষি নিবন্ধনের কাজ শুরু করেছে। তাই তাঁরা তামাক কোম্পানিগুলো ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছেন। প্রসঙ্গত, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, ঢাকা টোব্যাকো কোম্পানি ও আবুল খায়ের লিফ কোম্পানির স্থানীয় দপ্তরের ব্যবস্থাপক ও জেলা-উপজেলা পর্যায়ের ১৯ জন সরকারি কর্মকর্তাকে মামলায় বিবাদী করা হয়।গতকালের শুনানিতে বাদী পক্ষের আইনজীবী মহিউদ্দিন তামাক চাষ, তামাক প্রক্রিয়াজাতকরণ ও ধূমপানের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ২০০০ সালের একটি মামলায় সুপ্রিম কোর্ট এক রায়ে সরকারকে তামাক চাষ ধাপে ধাপে কমিয়ে আনার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও সরকারের নির্বাহী বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছে না।শুনানি শেষে যুগ্ম জেলা ও দায়রা জজ সামস্ উদ্দিন খালেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবান জেলার জমিতে তামাক চাষ, চাষের জন্য চুক্তি সম্পাদন, তামাক পোড়ানোর তন্দুল নির্মাণ, বন কেটে কাঠ পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেন। কেন তামাক চাষ বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, সে ব্যাপারে তামাক কোম্পানিগুলোকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বান্দরবানের ব্যবস্থাপক মুশফিকুর রহমান গতকাল বিকেলে বলেন, তামাক চাষ বন্ধে আদালতের আদেশের বিষয়টি তিনি এখনো জানেন না। আদেশের অনুলিপি না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলা সম্ভব নয়।