বান্দরবানে ত্রিপুরা কল্যাণ সংসদের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গতকাল শনিবার ত্রিপুরা কল্যাণ সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ত্রিপুরা আদিবাসীদের টিকে থাকার সংগ্রামে প্রধান সমস্যা হিসেবে শিক্ষার অনগ্রসরতাকে চিহ্নিত করা হয়। জেলা শহরের উজানীপাড়ার নিজস্ব কার্যালয়ে গতকাল সকালে সংগঠনটির সভাপতি উইলিয়াম ত্রিপুরার সভাপতিত্বে ওই সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা। সম্মেলনে জেলা পরিষদের সাবেক সদস্য অনিল কুমার ত্রিপুরা, কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক বীরেন্দ্র ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা, অজহা ত্রিপুরা, ফাদার এডমন্ড, জর্জ ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, দুর্গম এলাকায় বসবাসরত ত্রিপুরা আদিবাসী ছেলেমেয়েদের শিক্ষার পরিবেশ সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন এলাকায় হোস্টেল গড়ে তোলা দরকার। এ লক্ষ্যে কল্যাণ সংসদ কাজ করে যাচ্ছে। কিন্তু এতে সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বীরেন্দ্র ত্রিপুরা।সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। ফিলিপ ত্রিপুরাকে সভাপতি, বীরেন্দ্র ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, অন্ত্রজয় ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক ও আব্রাহাম ত্রিপুরাকে অর্থ সম্পাদক করে ১৩ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচন করা হয় সম্মেলনে।