বান্দরবানে দুই ইটভাটাকে জরিমানা, উচ্ছেদের নির্দেশ
রাঙামাটির কাউখালী এলাকায় পাহাড় কেটে ইটভাটা নির্মাণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিন দিনের মধ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার এই জরিমানা করেন।এর আগে রোববার মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল কাউখালী গিয়ে পাহাড় কেটে ইটভাটা নির্মাণের ঘটনা উদ্ঘাটন করে।দণ্ড পাওয়া ইটভাটা দুটির মধ্যে আজমীর ব্রিকস লিমিটেডকে ছয় লাখ ও জালালিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এই দুই ইটভাটার আয়তন প্রায় ১০ একর। পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই ও জেলা প্রশাসকের ছাড়পত্র ছাড়া এই ভাটাগুলো পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্বদানকারী মুনীর চৌধুরী বলেন, ‘পার্বত্য এলাকায় ইটভাটা নির্মাণ ও পরিচালনা বেআইনি। ১০ বছর ধরে এই ইটভাটা দুটি চলছে। পার্বত্য অঞ্চলে ইটভাটার কারণে জীববৈচিত্র্যের ক্ষতি, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।’জানা গেছে, উঁচু পাহাড় কেটে এই ইটভাটা নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। প্রতিটি ইটভাটা বছরে প্রায় ২৫-৩০ লাখ ইট উৎপাদন করে। গত ১০ বছরে এ দুটি ইটভাটা পার্বত্য এলাকার প্রায় ১০ লাখ ঘনফুট পাহাড়ি মাটি বিনষ্ট করেছে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে। তিন দিনের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ইটভাটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয় বলে মুনীর চৌধুরী জানান।