বান্দরবানে দুই কার্বারিকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকার দুইজন আদিবাসী কার্বারির (পাড়াপ্রধান) ওপর বিজিবির এক কর্মকর্তা নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি এ অভিযোগ অস্বীকার করেছে।ওই বিজিবি কর্মকর্তার শাস্তি ও কার্বারিদের চিকিৎসার দাবিতে গত শুক্রবার জেলা শহরে থানচি উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। একই দাবিতে শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) জেলা শাখাও বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।রেমাক্রি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ও সিঙ্গাপা মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মুইসুই থোয়াই বলেন, ১৮ সেপ্টেম্বর একটি বিওপির অধিনায়ক ২৫টি পাড়ার কার্বারিকে গণসংযোগ সভায় ডাকেন। প্রত্যেক কার্বারিকে চিঠি দিয়ে পাঁচ কেজি করে মোরগ নিয়ে যাওয়ার জন্যও বলা হয়। সভা শেষে ক্যাপ্টেন পদমর্যাদার ওই বিওপি অধিনায়ক বড় মদক বাজার পাড়া কার্বারি বাথোয়াই অং মারমা ও বড় মদক ভিতর পাড়ার কার্বারি খ্যাইং সাথুই মারমাকে বিওপিতে রেখে দেন।বাথোয়াই অং ও খ্যাইং সাথুই কার্বারি মানববন্ধন চলাকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টির (এএলপি) লোকজনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ওই ক্যাপ্টেন তাঁদের হাতে রশি বেঁধে ঝুলিয়ে কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাঁদের বেদম মারধর করেন। তাঁরা সাংবাদিকদের একটি চিঠি দেখান, যে চিঠিতে পাঁচ কেজি মোরগ নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, চিঠিটি ওই ক্যাপ্টেনের লেখা।স্থানীয় প্রেসক্লাব চত্বরে থানচি উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ওই ক্যাপ্টেনের দৃষ্টান্তমূলক শাস্তি, নির্যাতনের শিকার কার্বারিদের চিকিৎসার দাবি করা হয়।একই দাবিতে শুক্রবার জেএসএসের জেলা শাখা বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি উছোমং মারমা।থানচি বলীপাড়া বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূরুল মোমেন চৌধুরী দুই কার্বারিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, গণসংযোগ সভা একটি নিয়মিত কাজ। গত সভায় বহিরাগত বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে ওই দুই কার্বারিকে একটু রূঢ় ভাষায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু কোনো মারধর করা হয়নি। নূরুল মোমেন চৌধুরী বলেন, পাঁচ কেজি মোরগ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে ওই ক্যাপ্টেন কোনো চিঠি লেখেননি।এদিকে দুই কার্বারিকে নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও জেএসএসের সংবাদ সম্মেলন সম্পর্কে গতকাল শনিবার বান্দরবানের সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের সদর দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্বাক্ষরবিহীন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় মদক এলাকার বিভিন্ন পাড়াবাসী ও কার্বারিরা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল এএলপিকে অবৈধভাবে পৃষ্ঠপোষকতা করছে মর্মে গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রমাণ রয়েছে। কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুযোগসন্ধানী দলের ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর বা বিজিবির একজন কর্মকর্তার বিরুদ্ধে কল্পনাপ্রসূত অভিযোগ তুলেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় আঞ্চলিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা সরকারের সব সুযোগসুবিধা ভোগ করা সত্ত্বেও কীভাবে সরকারের বৈদেশিক নীতির বিরুদ্ধে অবস্থান নেন। তাঁরা সাধারণ একটি ঘটনাকে ভিন্ন ভাবে সাজিয়ে কীভাবে শোভাযাত্রা, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন?