বান্দরবানে দুই ডাকাত গ্রেপ্তার
বান্দরবানের পুলিশ গত বুধবার রাতে দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুজন সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া গেছে। টংকাবতি ইউনিয়নের ওই ডাকাত দলটি গত মাসে সুয়ালক ইউপির সদস্য মোহামঞ্চদ আলমকে গুলি করেছিল এবং টংকাবতি ও সুয়ালক এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছে বলে পুলিশ জানিয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পান, টংকাবতি ইউপির দুর্গম হাতির ডেরা এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে পুলিশ সদস্যদের নিয়ে এলাকাটি ঘেরাও করেন। এ সময় ডাকাত দলের জহির উদ্দিন (২৬) ও শাহাদাৎ হোসেন (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। দলের অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া যায়। সুয়ালক ইউপির সদস্য আলম জানিয়েছেন, ওই ডাকাত দলটি গত ৪ মে তাঁকে গুলি করেছিল। বান্দরবানে ও চট্টগ্রামে কয়েকবার শল্যচিকিৎসা করে এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। আলম আরও বলেন, গুলি করার আগে তিনি ডাকাতসর্দার আবু তাহেরের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আমি আর কখনো ডাকাতিতে বাধা দেব না। তোমরা আমাকে গুলি করো না। কিন্তু তারা কোনো কথা শোনেনি।’ তিনি পালিয়ে কোনোরকমে রক্ষা পেয়েছেন।