বান্দরবানে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস)-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার পিসিপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বালাঘাটার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই দিন রাত আটটায় দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পিসিপির জেলা সভাপতি মংস্তু মারমা প্রথম আলোকে বলেন, তাঁদের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার টানাতে গেলে ইউপিডিএফের একদল নেতা-কর্মী লাঠিসোঁটা ও ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে শহর শাখার সভাপতি উবাসিং মারমা ও সাধারণ সম্পাদক উখিংহ্লা মারমাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হামলার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সাধারণ সম্পাদক বিক্রম তঞ্চঙ্গ্যা বলেন, পিসিপির নেতা-কর্মীরা ইউপিডিএফের নেতাদের অপহরণ করতে আসেন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের তাড়িয়ে দেন। এদিকে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে পিসিপি। পরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে পিসিপির জেলা সভাপতি মংস্তু মারমার সভাপতিত্বে সমাবেশ হয়। এতে জেএসএসের সদর উপজেলার সভাপতি উশৈচিং মারমা, পিসিপির জেলা সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা বক্তব্য দেন। বক্তারা এই হামলার নিন্দা জানান। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ইউপিডিএফের জেলা সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা হয়েছে। ছোটন ও জনমনি তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার করা হয়েছে।