বান্দরবানে দুই বছর ধরে বন্ধ চেমিমুখ সেতুর নির্মাণকাজ
বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটি-ডিবি) চেমিমুখ সেতুর নির্মাণকাজ কখন শেষ হবে কেউ জানাতে পারেননি। তিন কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে গার্ডার সেতুটির ২০১১ সালে নির্মাণকাজ শুরু হলেও দুই বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সানু প্রু মারমা বলেন, চেমিমুখ, ক্যমলং,বাঘমারা, কুহালং, দলবনিয়া ও বটতলী এলাকার মানুষের দাবিতে সিএইচটি-ডিবি থেকে চেমিমুখ সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কাজ শুরু হলেও শুধু গার্ডারগুলো নির্মাণের পর এখন পর্যন্ত আর কোনো কাজ করা হচ্ছে না। কখন সেতুটির কাজ শেষ হবে আর কৃষকেরা পণ্য বিপণনের কাঙ্ক্ষিত সুফল পাবেন তা কারও জানা নেই। চেমিমুখ এলাকার ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন, সিএইচটি-ডিবির কর্মকর্তা ও প্রকৌশলীদের কাছে বার বার তাগিদ দিয়েও গত বছরের বন্ধ হওয়া কাজ এখনো শুরু হয়নি। সেতুটি নির্মাণ শেষ হলে কৃষকেরা তাঁদের সুবিধামতো কৃষি পণ্য বান্দরবান জেলা শহরে অথবা চট্টগ্রামের চন্দনাইশে বাজারজাত করতে পারতেন। সরেজমিনে দেখা যায়, সেতুটির গার্ডার নির্মাণ করা হলেও কিছু পাটাতন নির্মাণাধীন অবস্থায় পড়ে রয়েছে।
কৃষক মোহাম্মদ হোসেন, শুক্কুর আলীসহ চেমিমুখ এলাকার লোকজন বলেছেন, শঙ্খ নদের সঙ্গে চেমিখালের সংযোগস্থলে বা চেমিমুখে নির্মাণাধীন সেতুটি নির্মাণ শেষ হলে বান্দরবানের সঙ্গে চন্দনাইশের সরাসরি যোগাযোগ স্থাপন হবে।
সিএইচটি-ডিবি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আজিজুল হক বলেন, সেতুটির এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার কাজ হলেও বরাদ্দ না থাকায় নির্মাণ শেষ করা যাচ্ছে না। তবে অবিলম্বে আরও ৩৫ লাখ টাকার কাজ শুরু হবে। বরাদ্দের নিশ্চয়তা না পাওয়ায় ঠিকাদারেরাও বরাদ্দের অনুপাতে কাজ করেন বলে তিনি জানিয়েছেন।