বান্দরবানে দুটি প্রতিমার আংশিক ভাঙচুর, পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আজিজনগরে একটি হিন্দু মন্দিরে শনিবার রাতে নির্মাণাধীন দুটি প্রতিমার আংশিক ক্ষতি করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে পুলিশ বলেছে, ঘটনাটি কে ঘটিয়েছে তদন্ত করা হচ্ছে। গতকাল রোববার থেকে মন্দিরে পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে পাহারায় রাখা হয়েছে। লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়াপাড়ায় আজিজনগর সর্বজনীন হরি মন্দিরে গিয়ে দেখা যায়, ছোট্ট পাকা মন্দিরের বারান্দায় অর্ধনির্মিত প্রতিমা রাখা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের জন্য প্রতিমাগুলো নির্মাণ করা হচ্ছে বলে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভোলানাথ ভৌমিক বলেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাশ বলেছেন, সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত মন্দিরে কোনো লোক ছিল না। রাত নয়টার পরে এসে প্রতিমাগুলো এ রকম ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তিনি বলেন, আজিজনগর ইউনিয়নে এটি একমাত্র মন্দির এবং তাঁরা ৩০-৩২টি হিন্দু পরিবার রয়েছেন। প্রতিবছর মুসলিম প্রতিবেশীদের সহযোগিতায় তাঁরা শারদীয় দুর্গোৎসব করে থাকেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বলেছেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন থেকে মন্দিরে পুলিশ ও আনসার বাহিনী পাহারায় থাকবে বলে তিনি জানান।