বান্দরবানে দুর্নীতির অভিযোগে ইসলামি শিক্ষাকেন্দ্র ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরে গতকাল শনিবার বিক্ষুব্ধ লোকজন ইসলামি শিক্ষাকেন্দ্র নামে একটি কওমি মাদ্রাসা ঘেরাও করেছেন। তাঁরা শিক্ষাকেন্দ্রের দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তদন্ত করে অধ্যক্ষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মঞ্জুর মোর্শেদ বলেন, আগামী বুধবার কওমি বোর্ডের মাদ্রাসা শুরা কমিটির সঙ্গে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করা হবে আশ্বাসে স্থানীয় লোকজন শান্ত হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষাকেন্দ্রটি ঘেরাও করে রাখা হয়েছে। শিক্ষক-ছাত্ররা দরজা বন্ধ করে কক্ষে ঢুকে রয়েছেন। কক্ষগুলোতে অনেক লাঠিসোঁটাও দেখা গেছে।
শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হাফেজ হোসাইন ও তাঁর সহযোগী মুহাম্মদ কাশেম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়দের সম্পৃক্ত করে এমদাদি (অর্থসংক্রান্ত) কমিটি করার কথা রয়েছে। কিন্তু এ কমিটি না থাকায় স্থানীয়রা সম্পৃক্ত হতে পারছেন না বলে অনিয়ম-দুর্নীতি হচ্ছে বলে তাঁরা ধারণা করছেন।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বুধবার মাদ্রাসা পরিচালনা বোর্ডের শুরা কমিটির সঙ্গে প্রশাসন ও স্থানীয়দের বৈঠকে অনিয়ম-দুর্নীতি সম্পর্কে আলোচনা হবে।