বান্দরবানে দেড় কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা গত মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) প্রকৌশলীদের চাপ দিয়ে প্রায় দেড় কোটি টাকার নির্মাণকাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই নির্মাণকাজের শিডিউল বিক্রি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হওয়ায় অনেক ঠিকাদার শিডিউল কিনে দরপত্রে অংশ নিতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জানুয়ারি মাসের শুরুতে পাচউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে চারটি নির্মাণকাজের জন্য প্রায় চার কোটি টাকার উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার ছিল শিডিউল বিক্রির শেষ দিন। ঠিকাদার জাভেদ রেজা, মামনুর রশিদ ও খায়ের উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চারটি কাজের মধ্যে এক কোটি ৫২ লাখ টাকার ‘বান্দরবানের ক্যামলং এলাকার সোনাইঝিরি সেচ ও মত্স্য চাষের জন্য বাঁধ নির্মাণ’ কাজের কোনো শিডিউল বিক্রি করা হচ্ছিল না। সকালে সহকারী প্রকৌশলী মজিবুর রহমান তাঁদের জানান, পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব (ডিপিপি) হিসেবে অনুমোদন না পাওয়ায় ওই কাজটি স্থগিত করা হয়েছে। এ জন্য শিডিউল বিক্রিও বন্ধ রাখা হয়েছে। কিন্তু লিখিত নোটিশের মাধ্যমে বিষয়টি না জানানোয় ঠিকাদারদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।ঠিকাদার মকছুদ আহমদ অভিযোগ করেন, কোনো কারণ ছাড়া ওই কাজের দরপত্রের শিডিউল বিক্রি বন্ধ রাখা হয়েছিল। এ ব্যাপারে লিখিত প্রতিবাদ জানিয়ে দরখাস্ত লেখার সময় দুপুর আড়াইটার দিকে পাচউবোর প্রকৌশলীরা শিডিউল বিক্রি উন্মুক্ত করা হয়েছে বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে অনেক ঠিকাদার অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা মিথ্যা তথ্য দেওয়ার জন্য প্রকৌশলীদের চাপ দিয়েছিলেন। গোপনে কাজটি নেওয়ার জন্যই তাঁরা এই কৌশল অবলম্বন করেন। এ অভিযোগের জবাবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাচউবো দরপত্র বাছাই কমিটির সদস্য এস কে রাজ্জাক বলেন, ‘পাচউবোর পক্ষ থেকে মঙ্গলবার কোনো দরপত্র আহ্বান করা হয়েছে কি না, আমার জানা নেই।’ অভিযোগের বিষয়ে খোঁজ নেবেন উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী দরপত্রের অনিয়মের সঙ্গে জড়িত নন। দরপত্রের কাজ স্থগিত করার বিষয়টি লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়নি কেন জানতে চাইলে পাচউবোর সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান এর কোনো জবাব দেননি। আওয়ামী লীগের কোনো নেতা আপনাদের মিথ্যে বলতে চাপ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, সে রকম কিছু নয়।’ এ ব্যাপারে পাচউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।