বান্দরবানে নিরাপদ সড়ক দাবিতে শোভাযাত্রা, রুমায় দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমায় গতকাল বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এর প্রায় দুই ঘণ্টা আগে নিরাপদ সড়কের দাবিতে বান্দরবান শহরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়। নিহত ব্যক্তির নাম তংয়া ম্রো (৩৫)। তাঁর বাড়ি উপজেলার সিংলগ পাড়ায়। আহত যাত্রীরা হলেন শৈরাতং পাড়ার ক্যশৈঅং মারমা (৫৫), শৈংবাই (২৪), ম্রুক্ষ্যং পাড়ার তাংখু খুমী (২০), কাইংপ্রে খুমী (১২), বৈকুতি ত্রিপুরা (৫০), সিংলগ পাড়ার পারাও ম্রো (২৩) ও প্রাংরাও ম্রো (২৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে রুমা বাজার থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই করে একটি চাঁদের গাড়ি বগালেইক যাচ্ছিল। কিন্তু শৈরাতং পাড়া এলাকায় পাহাড়ি পথে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি পেছনের দিকে নেমে প্রচণ্ড জোরে আরেকটি পাহাড়ে ধাক্কা খায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর আগে গতকাল পুলিশের উদ্যোগে ট্রাফিক আইন সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বেলা দুইটার দিকে বান্দরবানে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভা হয়।