বান্দরবান জেলা শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকায় উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার ওয়ার্ড আওয়ামী লীগের নির্মাণাধীন কার্যালয় ভেঙে দিয়ে উচ্ছেদ করেছে। জেলা স্কাউট ভবনের জন্য বরাদ্দ দেওয়া জমি দখল করে আওয়ামী লীগের ওই কার্যালয়টি করা হচ্ছিল বলে উচ্ছেদ অভিযানে কর্তব্যরত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী স্কাউটের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, রোয়াংছড়ি বাসস্টেশন এলাকায় তাঁর নিজের নামে থাকা আট শতক জমির ওপর পৌরসভার নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছিল। কোনো উচ্ছেদ আদেশ ও নোটিশ ছাড়া সেটি সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের উপস্থিতিতে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে।
রোয়াংছড়ি বাসস্টেশনের প্রায় দেড় শ গজ আগে নির্মাণাধীন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, জেলা স্কাউট ভবনের বরাদ্দ জমির সাইনবোর্ডের পাশে টিনের ছাউনির একটি ঘর। বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খিন ওয়ান নু ও পুলিশের উপস্থিতিতে নির্মাণাধীন ঘর ভেঙে ফেলা হচ্ছে।
ঘর ভাঙার সময় উপস্থিত জেলা স্কাউটের সহসভাপতি বেলাল হোসেন বলেন, ২০১০ সালে স্কাউট ভবনের জন্য ৩০ শতকের ওই জমি বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওই জমি দখল করে ঘর নির্মাণ করা হয়েছে।
স্কাউটের জমির সাইনবোর্ডের পাশের বাড়ির মালিক বাবুল কান্তি দাশ বলেন, তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল চৌধুরীর কাছ থেকে জমি কিনেছেন। সেখানে জামাল চৌধুরীর আরও আট শতক জমি রয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল চৌধুরী বলেন, তাঁর সেখানে বৈধ মালিকানায় জমি রয়েছে। জমি পরিমাপের জন্য প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনাও করেছেন। তার পরও তাঁকে কোনো কিছু না জানিয়ে তাঁর জমির ওপর নির্মাণাধীন আওয়ামী লীগের কার্যালয় আদালতের কোনো উচ্ছেদ আদেশ ছাড়া অবৈধভাবে ভেঙে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খিন ওয়ান নু বলেন, জামাল উদ্দিন চৌধুরীর দাবি তাঁর আট শতক জমি রয়েছে, কিন্তু চৌহদ্দির মিল নেই। কয়েকবার নোটিশ দেওয়ার পরও দখল ছেড়ে না দেওয়ায় দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।