বান্দরবানে পপি চাষ ধ্বংসে যৌথ বাহিনীর অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পপি চাষ ধ্বংসের জন্য গতকাল রোববার থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরির সংরক্ষিত বনসহ আশপাশের গহিন অরণ্যে পপিখেত খুঁজে বের করে তা ধ্বংস, জড়িত আদিবাসীদের পপি চাষ ত্যাগে উদ্বুদ্ধ করা এবং সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হচ্ছে।এদিকে অভিযানের পাশাপাশি দরিদ্র আদিবাসীদের পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা পরিষদ উদ্যোগটির বাস্তবায়ন করবে বলে পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা মারমা এ কথা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, গোপন অনুসন্ধানে থানচি ও আলীকদম উপজেলার সাঙ্গু এবং মাতামুহুরির সংরক্ষিত বনাঞ্চল ও আশপাশের এলাকায় পপি চাষ হয় বলে জানা গেছে। বিশেষ করে, সাঙ্গুর সংরক্ষিত বনাঞ্চলের মিয়ানমার সীমান্ত এলাকায় পপি চাষ ও বহিরাগত সন্ত্রাসীরা আনাগোনা করে বলে নিশ্চিত হয়ে অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশের শতাধিক সদস্য কয়েকটি দলে ভাগ হয়ে এতে অংশ নিচ্ছেন। প্রায় ১২-১৫ দিন ধরে এ অভিযান চলবে। ক্যাশৈহ্লা মারমা জানান, সাঙ্গুর সংরক্ষিত বনাঞ্চলের কাছাকাছি ছোট ও বড় মদক এলাকার প্রায় ৪০০ পরিবারের দরিদ্র আদিবাসীকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।