বান্দরবানে পরিবেশ ধ্বংসকারী তামাকের চাষ বাড়ছে
বান্দরবানে কৃষকেরা ধান ও রবি ফসল বাদ দিয়ে পরিবেশ ধ্বংসকারী তামাক চাষ করছেন। উৎপাদিত তামাকের বাজার বা বিপণন নিশ্চয়তা পাওয়ার কারণে তামাক চাষ করছেন বলে জানিয়েছেন কৃষকেরা। তবে তামাক চাষের জন্য ব্যবহূত কীটনাশক ও রাসায়নিক সারের কারণে বিষাক্ত হয়ে উঠছে মাটি। কৃষি বিভাগের একটি সূত্র জানায়, জেলার প্রায় ৬০ শতাংশ আবাদি জমিতে তামাক চাষ হয়ে থাকে। যদিও কৃষি কর্মকর্তারা দাপ্তরিকভাবে ৭ শতাংশের অধিক জমিতে তামাক চাষ হওয়ার কথা স্বীকার করেন না। জেলা পরিষদের ‘দারিদ্র্য বিমোচনে তামাক চাষের বিকল্প ফসলের চাষ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, টানা কয়েক বছর তামাক চাষের কারণে মাটির উর্বরতা শক্তি কমে যায়। এ জন্য তামাক কোম্পানিগুলো প্রতিবছর ২৫-৩০ শতাংশ নতুন জমি তামাক চাষের আওতায় নিয়ে আসছে। এ প্রবণতা বন্ধ না হলে সব আবাদি জমি উৎপাদনক্ষমতা হারিয়ে আগামী দিনে বান্দরবান মঙ্গাকবলিত অঞ্চলে পরিণত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক তামাক কোম্পানিগুলোর মাঠপর্যায়ের কর্মকর্তারা বলেছেন, এ বছর নতুন চাষির সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, থানচি ও রুমায় অধিকাংশ কৃষক বোরো বা রবি ফসল ত্যাগ করে তামাক চাষের প্রস্তুতি নিচ্ছেন। এ সময় কৃষকেরা জানান, তামাক কোম্পানিগুলো বীজতলার জন্য পলিথিন, বীজ, কীটনাশক সরবরাহসহ প্রণোদনাসুবিধা (ইনসেনটিভ) হিসেবে ঋণ, সার ও সেচের জ্বালানি খরচও দেয়। এ কারণে তাঁরা তামাক চাষ করছেন। সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ম্রাচা খিয়াং বলেন, তামাক চাষের জন্য তাঁরা জমি প্রস্তুত করছেন। লাভজনক হওয়ায় বোরো ও রবি ফসল বাদ দিয়ে ৭০-৮০ শতাংশ জমিতে তামাক চাষ করা হচ্ছে। ঢাকা টোব্যাকোর ডিপো ব্যবস্থাপক মনিরুল ইসলাম এ বছর তাঁদের চাষ এলাকা বাড়ার কথা স্বীকার করে বলেন, সাঙ্গু উপত্যকায় গত বছর উৎপাদিত হয় ৪৭৫ টন এবং এবার লক্ষ্যমাত্রা ৫০০ টন। তবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আঞ্চলিক ব্যবস্থাপক আক্তার আনোয়ার খান বলেছেন, তামাকের ওপর কর বৃদ্ধির কারণে চাহিদা কমেছে। এ জন্য চাষ বাড়ানোর কোনো যুক্তি নেই। তামাক চাষে মাটি ও পরিবেশের কোনো ক্ষতি হয় না বলেও তিনি জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (বান্দরবান) উপপরিচালক আবুল কালাম বলেন, লাভজনক বিকল্প ফসল চাষ ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি উদ্যোগ না থাকায় তামাক কোম্পানিগুলো এ সুযোগ নিচ্ছে। তামাক চাষ বন্ধ করতে হলে কোম্পানিগুলো যে কৌশলে চাষ করে ও বাজার নিশ্চয়তা দেয়, বিকল্প ফসল চাষেও সে রকম উদ্যোগ নিতে হবে। এ ছাড়া তামাক চাষ থেকে চাষিদের বিরত রাখা সম্ভব নয়। আবুল কালাম আরও বলেন, তামাক চাষ মাটির জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে ক্ষুদ্র জৈবকণা ধ্বংস হয়ে মাটি উৎপাদনক্ষমতা হারিয়ে ফেলে।