বান্দরবানে পাঁচ দিনের কাব ক্যাম্পুরি শুরু

বান্দরবানে গতকাল বুধবার পাঁচ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরি শুরু হয়েছে। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঁচ শতাধিক কাব-স্কাউট অংশ নিয়েছে।
গতকাল বিকেলে বান্দরবান স্টেডিয়ামে কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, উপজেলা স্কাউটের সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া ও ব্যবসায়ী অমল কান্তি দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখার জন্য শিশুদের কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণের বিকল্প নেই। শিশুরা একসঙ্গে তাঁবুতে অবস্থান করে অনেক কিছু শিখে নিতে পারবে।
গতকাল স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, সেখানে টাঙানো হয়েছে সারি সারি তাঁবু। সেখানে অবস্থান করছে বাঙালি, মারমা, চাকমা, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গ্যা, খেয়াং, ম্রো, চাক, লুসাই, পাংখুয়া, খুমীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুরা।
সুজন চৌধুরী বলেন, বাংলাদেশ স্কাউট ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ কাব ক্যাম্পুরির আয়োজন করা হয়েছে। আগামী রোববার মহাতাঁবু জলসা আয়োজনের মধ্য দিয়ে কাব ক্যাম্পুরি শেষ হবে।