বান্দরবানে পাচউবোর শিডিউল কেনেননি ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে যুবলীগের নেতা-কর্মীদের বাধার কারণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) কাজের শিডিউল কিনতে পারেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদারেরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, দরপত্রের দুই নম্বর গ্রুপের ১৬ লাখ টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণকাজের শিডিউল কিনতে দেননি জেলা যুবলীগের নেতা-কর্মীরা। আবার তিন নম্বর গ্রুপে ২০ লাখ টাকা ব্যয়ে জামছড়িপাড়া কিয়াং নির্মাণ ও ছয় নম্বর গ্রুপে ছয় লাখ টাকা ব্যয়ে রুমা উপজেলার পাইন্দু বৌদ্ধবিহারের সীমানাপ্রাচীর নির্মাণকাজের শিডিউল কেনা ও জমা দেওয়ায় বাধা দেন পৌর যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পাচউবোর প্রকৌশল শাখা সূত্র জানায়, দুই নম্বর গ্রুপের জন্য শিডিউল বিক্রি হয়েছে পাঁচটি। দরপত্র জমা পড়েছে তিনটি। তিন নম্বর কাজে শিডিউল বিক্রি হয়েছে আটটি, দরপত্র জমা হয়েছে চারটি। ছয় নম্বর কাজে শিডিউল বিক্রি হয় আটটি, দরপত্র জমা পড়ে পাঁচটি। অথচ একই দরপত্রে এক নম্বর কাজে শিডিউল বিক্রি হয় ৩৩টি। দরপত্র জমা পড়ে ৩২টি। চার নম্বর কাজে শিডিউল বিক্রির সংখ্যা ৩৬টি। দরপত্রও জমা পড়েছে ৩৬টি। এ ছাড়া পাঁচ নম্বর কাজে ৩৩টি শিডিউল বিক্রি হয়। দরপত্র জমা হয় ৩১টি। জেলা যুবলীগের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া বলেন, জেলা যুবলীগের আসন্ন সম্মেলন ও কাউন্সিলের জন্য ‘কিছু খরচ জোগাড় করতে’ দুই নম্বর কাজে শিডিউল না কিনতে ঠিকাদারদের অনুরোধ করা হয়। কাউকে শিডিউল কিনতে ও দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়নি।