বান্দরবানে পানি উৎসব শুরু, বৈসাবি শেষ হবে আজ
বান্দরবানে বৈসাবি বা মারমা ভাষায় সাংগ্রাই পোয়েতে গতকাল শুক্রবার থেকে ঐতিহ্যবাহী মৈত্রী পানিবর্ষণ উৎসব শুরু হয়েছে। শত শত মানুষের অংশগ্রহণে শহরতলির লাইমি পাড়ায় বম আদিবাসী মেলা হয়েছে। খাগড়াছড়িতেও উৎসব চলছে।বান্দরবানে গতকাল বিকেল সাড়ে তিনটায় পুরোনো রাজবাড়ি মাঠে মারমাদের জনপ্রিয় মৈত্রী পানিবর্ষণ উৎসব শুরু হয়। মারমা ভাষায় উৎসবকে মৈতা রিলংপোয়ে বলা হয়। শতাধিক মারমা তরুণ-তরুণী কয়েকটি দলে ভাগ হয়ে মৈত্রী পানিবর্ষণ উৎসবে অংশ নেয়। রাতে তরুণ-তরুণীরা পিঠা উৎসবেরও আয়োজন করে। রেইশা, সুয়ালক, রাজবিলা, রোয়াংছড়ি, আলীকদমেও মৈত্রী পানিবর্ষণসহ বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। এদিকে গতকাল সকালে বম নর-নারী ও দেশি-বিদেশি পর্যটকদের শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবান শহরতলির লাইমি পাড়ায় বম আদিবাসী মেলা শুরু হয়। বাংলা বর্ষের দিনপঞ্জি হিসাবে পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি) শেষ হয়েছে। তবে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু হয় বৃহস্পতিবার (পয়লা বৈশাখ) থেকে। কারণ, মারমা সম্প্রদায় বর্মী দিনপঞ্জি অনুসরণে সাংগ্রাই উৎসব পালন করে।গতকাল ছিল মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিন ‘সাংগ্রাই আক্রাইনিহ্’। এটি ঘর সাজানোর জন্য ফুল, পাচঙ রান্নার জন্য শাকসবজি সংগ্রহ করার দিন। হাল আমলে এ দিনে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনও করা হয়। আজ শনিবার সাংগ্রাই উৎসবের তৃতীয় দিন। দিনটিকে লাছাইংতার বলা হয়। এদিন মারমাদের প্রতিটি ঘরে অতিথিদের নানা ধরনের শাকসবজি দিয়ে রান্না করা তরকারি ‘পাচঙ’ পরিবেশন করা হয়।