বান্দরবানে পাহাড় ধসে শিশু নিহত
বান্দরবান শহরের নিউ গুলশান এলাকায় গতকাল বৃহস্পতিবার পাহাড় ধসে এক শিশু নিহত ও এক বৃদ্ধা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টিপাতের কারণে নিউ গুলশান এলাকার পশ্চিম পাশের পাহাড়ের একাংশ দিনুল হক চৌধুরী নামের এক ব্যক্তির বাড়ির ওপর ধসে পড়ে। এ সময় দিনুল হকের ছেলে আড়াই বছরের সাজেদুল হক চৌধুরী ও প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা শৈমাপ্রু মারমা মাটির নিচে চাপা পড়েন। এ ছাড়া ভেঙে পড়া কাঁচাঘরের নিচে চাপা পড়ে দিনুল হকের মেয়ে তানজিলা (১৩) ও সানজু (১২)। এলাকাবাসী বাড়ির নিচে চাপা পড়া শিশু দুটিকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের বান্দরবান স্টেশনের কর্মকর্তা রণধীর দত্ত বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে সাজেদুল হক ও শৈমাপ্রুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, কোমরে মারাত্মক আঘাত পাওয়া শৈমাপ্রুকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাহাড়ের পাদদেশে দিনুল হক চৌধুরীর বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া ওই এলাকায় পাহাড়ের ঢালে ও পাহাড়ের পাদদেশে আরও বেশ কয়েকটি বাড়ি নির্মাণ করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত পাহাড় ধসে বান্দরবান সদর ও লামা উপজেলায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গত ৩১ জুলাই লামায় পাহাড় ধসে ছয়জন প্রাণ হারান।
২০১২ সালে জেলা প্রশাসনের এক প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি পরিবেশে লাগসই বাড়িঘর নির্মাণ না করা, বৃক্ষ নিধন ও ইটভাটার জন্য পাহাড় থেকে অতিরিক্ত মাটি নেওয়ার কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে। ২০১৩ সালে জেলা প্রশাসনের জরিপে বলা হয়, জেলায় পাহাড়ের ঢালে ও পাদদেশে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় ১২হাজার মানুষ বসবাস করছে।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, নতুন করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা করা হচ্ছে। তিনি জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ব্যক্তিদের নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।