বান্দরবানে পাহাড়ি ছাত্র সংগঠনের মানববন্ধন
বান্দরবানের ফাক্ষ্যংপাড়ার মারমাদের ‘উচ্ছেদের ষড়যন্ত্র’ ও একুশে ফেব্রুয়ারি খাগড়াছড়িতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চারটি পাহাড়ি ছাত্রসংগঠন মানববন্ধন করেছে। এতে ছাত্রনেতারা অবিলম্বে ‘ষড়যন্ত্রকারী’র গোপন বন্দোবস্ত বাতিল ও খাগড়াছড়িতে হামলাকারীদের বিচারের দাবি করেন।
বান্দরবান প্রেসক্লাব চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি লুসাইমং মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সহসভাপতি সুখেন্দু ত্রিপুরা, ম্রো ছাত্রসংগঠনের সভাপতি জেক ম্রো ও চাক স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি থোয়াইক্যজাই চাক।
সুখেন্দু ত্রিপুরা ও থোয়াক্যজাই চাক বলেন, একটি মহলের ছত্রচ্ছায়ায় একুশে ফেব্রুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়িদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়। সেখানে এখনো একজন পাহাড়ি নিখোঁজ রয়েছেন। তাঁরা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারও বিচার না হওয়ায় হামলাকারীরা বারবার একই ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে।
লুসাইমং মারমা বলেন, বান্দরবানের প্রাচীনতম জনবসতির মধ্যে মারমাদের ফাক্ষ্যংপাড়া একটি। কিন্তু একজন ‘ষড়যন্ত্রকারী’ ১৯৮০-এ দশকে ওই পাড়ার জায়গাটি গোপনে বন্দোবস্ত করে এখন মারমাদের উচ্ছেদের চেষ্টা করছেন। তিনি অবিলম্বে পাড়ার জায়গার গোপন বন্দোবস্ত বাতিলের দাবি জানান।