বান্দরবানে পাহাড় কেটে ইটভাটা, প্রশাসন নীরব
বান্দরবানে গুংগুরুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের ইটভাটার বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। একইভাবে লামা ফাইতংয়ে বিশাল পাহাড় কেটে করা ইটভাটার বিরুদ্ধেও এখনো পর্যন্ত মামলা করা হয়নি।ইটভাটা দুটি নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ফাইতংয়ের ইটভাটায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান চালানো হয়। অভিযানে বিপজ্জনকভাবে পাহাড় কাটার সত্যতা পাওয়ার কথা সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করলেও রহস্যজনক কারণে কোনো মামলা করেননি।গুংগুরুপাড়ার ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এটি কেন হয়েছে, তার জবাব দেওয়ার জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। লামা উপজেলার ফাইতংয়ের শিবাতলীপাড়া এলাকায় পিবিসি নামে অবৈধ ইটভাটা স্থাপনের জন্য বুলডোজার দিয়ে পাহাড় কাটা হয়। আর বান্দরবান সদর উপজেলার কুহালংয়ের গুংগুরুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের মাথার ওপর জ্বলছে ইটভাটার চুল্লি। ফাইতং ইউপির শিবাতলীপাড়া এলাকার সদস্য এমংচিং মারমাসহ অনেকে অভিযোগ করেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ ও পরিবেশ অধিদপ্তর এলাকা ঘুরে গেছেন। কিন্তু কিছু জরিমানা করা ছাড়া পাহাড় কাটা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফাইতংয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকরুল ইসলাম পিবিসি ইটভাটার জন্য পাহাড় কাটার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তাঁদের অজান্তে হয়েছে। এখন আর পাহাড় কাটা হবে না। ইউএনও হেলাল উদ্দিন বলেন, পাহাড় কেটে করা পিবিসি ইটভাটা বন্ধ রাখার জন্য ফাইতং পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু কায়সার বলেন, মামলা না হওয়ায় তাঁরা ব্যবস্থা নিতে পারছেন না। গুংগুরুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে এবিসি ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছে। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পরও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু প্রধান শিক্ষককে জেলা শিক্ষা কর্মকর্তা কারণ দর্শাতে বলেছেন।