বান্দরবানে পাহাড় কেটে বিদ্যালয় নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরতলির ভরাখালিতে বিপজ্জনকভাবে পাহাড় কেটে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। পাদদেশ থেকে কেটে নেওয়া পাহাড়ের ওপরের অংশ যেকোনো সময় নির্মাণাধীন বিদ্যালয়ের ওপর পড়ে বিপর্যয় ঘটাতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। পরিবেশসমঞ্চতভাবে পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো বিশেষজ্ঞ নির্দেশনা ও ছাড়পত্র নেই বলে ঠিকাদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের বালাঘাটা থেকে দেড়-দুই কিলোমিটার দূরে একটি পাহাড়ের পাদদেশ ঘেঁষে ভরাখালিপাড়া হাজি সাহেব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলছে। বিদ্যালয়ের একাংশ বিপজ্জনকভাবে পাহাড় কেটে ভিত্তি নির্মাণ করা হচ্ছে। রাজমিস্ত্রি বেলাল হোসেন জানান, বিদ্যালয় ভবনের এক-তৃতীয়াংশ পাহাড়ের কাটা অংশে থাকবে। শ্রমিকেরা পাহাড়ের ওপর থেকে না কেটে নিচের থেকে কাটছিলেন এবং নিচে একটি সুড়ঙ্গের মতো হয়েছে। যেকোনো মুহূর্তে ওপরের অংশ ধসে বিপদ ঘটাতে পারে। পারিপার্শ্বিক অবস্থা স্যাঁতসেঁতে জলাভূমির মতো হওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হলে শিশুদের যাতায়াতে ও বিদ্যালয়ে আর্দ্র পরিবেশে পাঠ গ্রহণ করা কঠিন হবে বলে এলাকার অনেকে বলেছেন। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-তৃতীয় পর্যায়) আওতায় জেলায় ১৯টি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ভরাখালিপাড়া হাজি সাহেব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের শুরু থেকে জমি নিয়ে বিরোধসহ বিভিন্ন সমস্যা চলছে। ঠিকাদার শাহ আলম জানান, মাটি শক্ত হওয়ায় পাহাড়ের নিচের অংশ থেকে কাটলেও কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, পাহাড় কাটতে চাননি। কিন্তু উপজেলা প্রশাসন ও প্রকৌশলীরা যেভাবে কাটতে বলেছেন সেভাবে কাটছেন। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন পারভিন তিবরীজি জানান, বিদ্যালয়ের মাঠ বড় করে রাখার জন্য পাহাড়ের কিছু অংশ সহনশীল পর্যায়ে কাটার জন্য বলা হয়েছে। একেবারে পাহাড় কাটা যেভাবে বলা হয়, সেভাবে কাটতে বলা হয়নি। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভরাখালি বিদ্যালয়ের জন্য পাহাড় কাটার ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।