বান্দরবানে পাহাড়ধসে মা নিহত, আহত মেয়ে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুমে আজ বুধবার দুপুরে পাহাড়ধসে এক নারী নিহত ও তাঁর মেয়ে আহত হয়েছেন। প্রবল বর্ষণে বাড়ির ওপর পাহাড়ধসে পড়ায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর বলেছেন, ঘুনধুম ইউনিয়নের আজুখাইয়া ফকিরপাড়ায় দুপুরে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটিচাপা পড়ে চেমন খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মেয়ে আমেনা খাতুনকে (৩০) গুরুতর আহত অবস্থায় মাটিচাপা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বন্যায় রাস্তাঘাট ও পাড়া-গ্রাম ডুবে গেছে এবং থানাও পানিবন্দী হয়ে পড়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তাসলিম ইকবাল চৌধুরী বলেছেন, দুপুর থেকে বাকখালি নদীর পানি বাড়তে থাকে। বিকেল পর্যন্ত তাঁর ইউনিয়নের উপজেলা পরিষদ ভবনসহ উপজেলা সদরের নিচু এলাকা, আশারতলির কিছু অংশ, কমবনিয়াপাড়া, ডংরি হেডম্যানপাড়া, নাইক্ষ্যংছড়ি বাজার পাড়া, বড়-য়াপাড়া পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের সব সড়কে যানবাহন বন্ধ রয়েছে।
রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভবনের প্রথমতলা ডুবে গেছে। এ ছাড়া বাকখালি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি বাজার, বাজারপাড়াসহ অন্তত ১০-১২টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ি রামু ও নাইক্ষ্যংছড়ি-বাইশারি সড়কের কয়েকটি অংশ পানিতে ডুবে থাকায় উপজেলার সঙ্গে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান হামিদা আক্তার বলেছেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ছাড়াও বাইশারি ইউনিয়নের নারিশবুনিয়া, পশ্চিম বাইশারি, দক্ষিণ বাইশারি, ঘুনধুম ইউনিয়নের তুমব্রুপাড়া, কোনাপাড়া পানিতে ডুবে গেছে। হামিদা বলেন, বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। রাতে বাকখালি নদীর পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও বেশি অবনতি হতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আলী আকবর বলেছেন, ঘুনধুমে পাহাড়ধসে মৃত চেমন খাতুনের পরিবারের জন্য ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হলেও বৃষ্টি কমে যাওয়ায় দ্রুত অবস্থার উন্নতি হতে পারে।